২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সুইজারল্যান্ড সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ফ্লাইটটি শুক্রবার রাত দেড়টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

সুইজারল্যান্ড সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2023, 06:51 PM

Updated : 16 Jun 2023, 07:27 PM

সুইজারল্যান্ডে চার দিনের সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাসস জানায়, শুক্রবার স্থানীয় সময় বেলা ১১টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় বিকাল ৩টা ৫০ মিনিট) প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট জেনিভা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

বাংলাদেশ সময় রাত দেড়টায় ফ্লাইটটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা।

এর আগে গত ১৩ জুন জেনিভা পৌঁছান সরকারপ্রধান; পরদিন বুধবার ‘ওয়ার্ল্ড ফর ওয়ার্ক সামিট: সোশাল জাস্টিস ফর অল’ শীর্ষক সম্মেলনে যোগ দেন তিনি।

একই দিনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফ্লিপো গ্র্যান্ডি প্রধানমন্ত্রীর সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করেন।

পরে প্রধানমন্ত্রী প্যালাইস ডি নেশনস- এ সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট অ্যালেন বারসেটের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

বিকালে প্রধানমন্ত্রী প্যালাইস ডি নেশনস-এ ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট ২০২৩’ এর প্লেনারিতে ভাষণ দেন।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ‘আ টক অ্যাট দ্য ডব্লিউইএফ’ এ যোগ দেন। পরে ডব্লিউইএফ অফিসে প্রতিষ্ঠাতা অধ্যাপক ক্লাউস শোয়াবের সঙ্গে তার বৈঠক হয়।

সেখানে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত ‘নিউ ইকোনোমি অ্যান্ড সোসাইটি ইন স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেন।

প্রধানমন্ত্রী এই সফরে মাল্টার প্রেসিডেন্ট ডক্টর জর্জ ভেলার সঙ্গে সাক্ষাৎ করেছেন; এছাড়াও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ হাউংবো, বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এনগোজি ওকোনজো-ইওয়েলা সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।