ডেঙ্গু প্রতিরোধে কনটেন্ট ক্রিয়েটরদের সহযোগিতা চায় স্বাস্থ্য মন্ত্রণালয়
“শুধু চিকিৎসা দিয়ে মৃত্যু ও সংক্রমণ ঠেকানো সম্ভব নয়, দরকার মানুষের আচরণগত পরিবর্তন,” বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেনতা বাড়াতে কনটেন্ট ক্রিয়েটরদের সহযোগিতা চেয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেছেন, “ডেঙ্গু চিকিৎসায় স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পূর্ণ প্রস্তুত। ৩ হাজার চিকিৎসককে রিফ্রেশার ট্রেনিং দেওয়া হচ্ছে, স্যালাইনের সরবরাহ ও হাসপাতালের বেড প্রস্তুত রাখা হয়েছে। কিন্তু শুধু চিকিৎসা দিয়ে মৃত্যু ও সংক্রমণ ঠেকানো সম্ভব নয়, দরকার মানুষের আচরণগত পরিবর্তন।
“মানুষ যাতে সচেতন হয়ে সরাসরি ঘরবাড়ি পরিষ্কারের মত পদক্ষেপ নেয়, সেই কার্যকর কাজটি করতে পারেন আপনারা, কনটেন্ট নির্মাতারা। মানুষ আপনাদের কথা মনোযোগ দিয়ে শোনে।”
বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কনটেন্ট নির্মাতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
পরে মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতানুগতিক সরকারি প্রচারণার বৃত্ত ভেঙে ডেঙ্গু প্রতিরোধে জনগণের আচরণে ইতিবাচক পরিবর্তন আনতে দেশের জনপ্রিয় ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটরদের পাশে চায় স্বাস্থ্য মন্ত্রণালয়।
কনটেন্ট ক্রিয়েটরদের জীবন বাঁচানোর আন্তরিক সামাজিক দায়বদ্ধতা ও গভীর অনুরাগ নিয়ে সৃজনশীল কাজ করার অনুরোধও করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
বৈঠকে ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় আগামী তিন মাসের একটি সমন্বিত রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
