২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে যোগদান প্রধানমন্ত্রীর

দিনভর নানা কর্মসূচিতে ব্যস্ত সময় পার করবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Sep 2026, 07:11 PM

Updated : 22 Sep 2026, 07:10 PM

রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে জাতিসংঘ মহাসচিব আয়োজিত প্রাতরাশ সভায় অংশগ্রহণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় জাতিসংঘের সদর দপ্তরের নর্থ ডায়ালগ লাউঞ্জে আন্তোনিও গুতেরেসের দেওয়া এ অনুষ্ঠান হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও জনাবা জুবাইদা রহমান জাতিসংঘের মহাসচিবের প্রাতরাশে যোগ দিতে হোটেল থেকে বের হন ৭টা ৫০ মিনিটে।

“জাতিসংঘ সদর দপ্তরের নর্থ ডায়ালগ লাউঞ্জে এই অনুষ্ঠান হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং তার সহধর্মিণী জনাবা জুবাইদা রহমান এতে অংশ নিয়েছেন। অনুষ্ঠানস্থলে পৌঁছালে জাতিসংঘের মহাসচিব ও তার স্ত্রী কাতারিনা ভাজ পিন্তু তাদের সাথে কুশল বিনিময় করেন।”

এদিন সন্ধ্যায় রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে তারেক রহমান যোগ দেবেন বলে জানান শিপলু।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সোমবার সন্ধ্যায় ঢাকা থেকে নিউ ইয়র্ক পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব শিপলু জানান, প্রাতরাশ কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দেবেন। এছাড়া অধিবেশন কক্ষের বাইরে রয়েছে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাক্ষাৎ কর্মসূচি।

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর বিকালে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন।