১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকার দুই আসনে নৌকার নানক ও ইলিয়াস মোল্লাহ জয়ী

এর আগেও তারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2024, 10:59 PM

Updated : 07 Jan 2024, 11:18 PM

রাজধানীর দুটি আসনের ফল ঘোষণা করা হয়েছে, যাতে জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা।

ঢাকা-১৩ আসনে জাহাঙ্গীর কবির নানক এবং ঢাকা-১৬ আসনে ইলিয়াস উদ্দিন মোল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী হিসেবে ঘোষণা করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলাম।

রাজধানীর সেগুনবাগিচার বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এ ফল ঘোষণা করা হয়।

মোহাম্মদপুর-আদাবর ও শেরেবাংলা নগর থানার একাংশ নিয়ে গঠিত ঢাকা-১৩ আসনে  এর আগে ২০০৮ ও ২০১৪ সালেও নানক নির্বাচিত হয়েছিলেন। এবার আসনটিতে ভোট পড়েছে ২৪ দশমিক ৪২ শতাংশ।

আর ইলিয়াস উদ্দিন মোল্লাহ ২০০৮ সাল থেকে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। কালশী, পল্লবীসহ চারটি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১৬ আসনে এবার ভোট পড়েছে ১৯ দশমিক ৮৮ শতাংশ।

ঢাকা বিভাগের ১৭টি আসনের ফলাফল ঘোষণাকালে এ দুটি আসনে রোববার রাত সাড়ে ৯টায় প্রথমবার চূড়ান্ত ফল ঘোষণা করা হয়।

ঢাকা-১৩

মোট ভোটার তিন লাখ ৯৫ হাজার ৪৩৮ জন

প্রদত্ত ভোট: ৯৬ হাজার ৫৪৮

বাতিল ভোট-এক হাজার ৮১১

Image

জাহাঙ্গীর কবির নানক।

বিজয়ী জাহাঙ্গীর কবির নানক পেয়েছেন ৯০ হাজার ৪৭৫ ভোট, প্রাপ্ত ভোটের হার ৯৩ দশমিক ৬০ শতাংশ। নিকটতম প্রতিদ্বন্দী তরিকত ফেডারেশনের কামরুল হাসান ফুলের মালা প্রতীকে পেয়েছেন এক হাজার ৫২৯ ভোট। ভোটের হার এক দশমিক ৫৮ শতাংশ। এ আসনে জাতীয় পার্টির কোনো প্রার্থী ছিল না।

ঢাকা-১৬

মোট ভোটার তিন লাখ ৮৮ হাজার ২৪৫

প্রদত্ত ভোট:  ৭৭ হাজার ১৬৫

বাতিল ভোট: ১৭৩৩

Image

ইলিয়াস উদ্দিন মোল্লাহ

ইলিয়াস উদ্দিন মোল্লাহ ৬৫ হাজার ৬৩১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। প্রাপ্ত ভোটের হার ৮৫ শতাংশ।

নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে সালাহ উদ্দিন রবিন পেয়েছেন ছয় হাজার ৩১৪ ভোট। প্রাপ্ত ভোটের হার ৮ দশমিক ১৮ শতাংশ।

লাঙ্গল প্রতীকে আমানত হোসেন এ আসনে পেয়েছেন দুই হাজার ৩৪৬ ভোট।