Published : 31 Oct 2022, 12:41 AM
যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির বাড়িতে হানা দিয়ে তার স্বামী পল পেলোসির উপর হামলার ঘটনায় সমবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পেলোসির কাছে বার্তা পাঠিয়ে তিনি সমবেদনা এবং এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে।
চিঠিতে তিনি বলেছেন, “আপনার বাসভবনে অনুপ্রবেশ এবং আপনার স্বামী পল পেলোসির উপর সহিংস হামলার ঘটনা জানতে পেরে গভীরভাবে ব্যথিত হয়েছি।”
গত শুক্রবার সান ফ্রান্সিসকোয় পেলোসির বাড়িতে ঢুকে এক অনুপ্রবেশকারী তাকে খুঁজছিল। না পেয়ে তার স্বামী পল পেলোসিকে (৮২) হাতুড়ি দিয়ে পেটায়। এতে পল পেলোসি মাথায় ও ডান হাতে আঘাত পান।
পলের দেহে অস্ত্রোপচার করা হয়েছে। তার দ্রুত সুস্থতা কামনা করেছেন শেখ হাসিনা। সেই সঙ্গে তার পরিবারের একটি নিরাপদ জীবন কামনা করেছেন।
তিনি বলেন, “আমি আবারও বলতে চাই যে, সন্ত্রাস, মৌলবাদ, সহিংস চরমপন্থা এবং ঘৃণামূলক অপরাধের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। বাংলাদেশ গণতন্ত্র, মানবতা এবং সকলের শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে।”