১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকায় অবিরল বর্ষণ, আরও দুদিন চলার আভাস

মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় রয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2024, 10:03 AM

Updated : 20 Jan 2024, 10:03 AM

বৃহস্পতিবার দুপুরের পর থেকে বিরতি দিয়ে বৃষ্টি হচ্ছিল ঢাকায়, সন্ধ্যার পর ঝরতে থাকে অবিরল, তাতে রাজধানীর বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলজট। সাগরে লঘুচাপের প্রভাবে এই বৃষ্টি হচ্ছে জানিয়ে আগামী দুদিন এমন বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, সন্ধ্যা ৮টা থেকে ৯টা পর্যন্ত ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ঢাকায়। এরপরও রাত পৌনে ১১টা পর্যন্তও তুমুল বর্ষণ চলছিল।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় রয়েছে। এর প্রভাবে আগামী দু’দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪ মিলিমিটার-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (৮৯ মিলিমিটারের বেশি) বর্ষণ হতে পারে।

শুক্রবারের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)