০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলায় ব্যবস্থার নেওয়ার দাবি আসকের

হামলায় আহত সাংবাদিক ও শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানিয়েছে সংগঠনটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Oct 2026, 10:30 PM

Updated : 05 Oct 2026, 10:30 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সংবাদকর্মীদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

ওই ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংস্থাটি।

সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে আসক বলেছে, “সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণের সময় সাংবাদিকদের ওপর হামলা তাদের পেশাগত কাজে বাধা এবং পরবর্তীতে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। আসক মনে করে সাংবাদিকরা জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

“সংবাদ সংগ্রহ ও প্রকাশের কাজে সাংবাদিকদের বাধা দেওয়া, তাদের ওপর হামলা বা ভয়ভীতি প্রদর্শন শুধু তাদের ব্যক্তিগত নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলে না বরং স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীন পরিবেশকেও ক্ষতিগ্রস্ত করে। কোনো ঘটনা সম্পর্কে সংবাদ সংগ্রহ বা তথ্য প্রকাশের কারণে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

হামলায় আহত সাংবাদিক ও শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানিয়েছে সংগঠনটি।

রোববার রাতে বিশ্ববিদ্যালয়টির জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চার সাংবাদিকসহ প্রায় দশজন আহত হন।

আহত সাংবাদিকরা হলেন-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ উজ জামান কোরবান, আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল এবং দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু।