২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় আওয়ামী লীগ

২০৮টি আসনের ফলাফলে আওয়ামী লীগ পেয়েছে ১৫২টি আসন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2024, 02:31 AM

Updated : 08 Jan 2024, 02:38 AM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় এক তৃতীয়াংশ আসনের ফল ঘোষণা বাকি থাকতেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থবার ক্ষমতায় আসা নিশ্চিত করল আওয়ামী লীগ।

রোববার রাত সোয়া ২টা পর্যন্ত নির্বাচন কমিশন থেকে ঘোষিত ২০৮টি আসনের ফলাফলে আওয়ামী লীগ পেয়েছে ১৫২টি আসন। চমক দেখিয়ে দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছেন স্বতন্ত্র প্রার্থিরা, যাদের প্রায় সবাই আওয়ামী লীগের নেতা। ওই সময় পর্যন্ত ৪৫ আসনে স্বতন্ত্র প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে।  

গত দুই সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসা জাতীয় পার্টি ৮ আসনে জয় পেয়েছে। যে ২৬ আসনে আওয়ামী লীগ লাঙ্গলকে ছাড় দিয়েছিল, তার বেশ কয়েকটি তারা খুইয়ে বসেছে।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিকদের মধ্যে জাসদ একটি, ওয়ার্কার্স পার্টি একটি এবং নতুন দল এক সময় বিএনপির জোটে থাকা কল্যাণ পার্টি একটি আসনে জয় পেয়েছে।

তুলনামূলক কম ভোটারের উপস্থিতি, কয়েকটি আসনে গোলযোগ আর অনিয়মের অভিযোগের মধ্যে রোববার মোটাদাগে শান্তিপূর্ণভাবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়। এক প্রার্থীর মৃত্যুতে এক আসনের ভোট পিছিয়ে যাওয়ায় এদিন ভোট হয় ২৯৯ আসনে।  

ভোটের সকালে মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রের সামনে একজনকে কুপিয়ে হত্যা করা হয়। ২৯৯ আসনের ৪২ হাজার কেন্দ্রের মধ্যে অনিয়মের কারণে ভোট স্থগিত হয় অন্তত সাতটি কেন্দ্র।

বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই কেন্দ্রেগুলোতে গণনা শুরু হয়। কেন্দ্রে গণনার ফলাফল প্রিজাইডিং কর্মকর্তারা পাঠান রিটার্নিং কর্মকর্তার কাছে।

রিটার্নিং কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্রের ফল সমন্বিত করে আসনভিত্তিক সর্বশেষ ফলাফল ঘোষণা করেন। ওই ফল তারা ঢাকায় নির্বাচন কমিশনেও পাঠাচ্ছেন। নির্বাচন ভবনে স্থাপিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বানের ‘ফলাফল সংগ্রহ পরিবেশন কেন্দ্র’ থেকে ফলাফল ঘোষণা করছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।