Published : 13 Dec 2023, 03:26 PM
রাজধানীর বাড্ডার সুতিভোলা খাল সংস্কার করে হাতিরঝিল এবং তুরাগ নদের সঙ্গে যুক্ত করা হবে বলে জানিয়েছেন উত্তরের মেয়র মো. আতিকুল ইসলাম।
বুধবার রাজধানীর ছোলমাইদ এলাকায় সূতিভোলা খাল পরিদর্শনে গিয়ে মেয়র আতিক বলেছেন, সূতিভোলা খাল সচল রাখতে প্রয়োজনীয় সবই করবে সিটি করপোরেশন।
বাড্ডার সাঁতারকুল সুতিভোলা খাল থেকে রামপুরা খাল পর্যন্ত নৌ চলাচল ব্যবস্থাও চালু করা হবে বলেন আতিক জানান।
তিনি বলেন “এক সময় এ খাল ধরে কারওয়ানবাজার পর্যন্ত নৌকা চলাচল করত। এই খালটি এক সময় ভরাট হয়ে গিয়েছিল ময়লা আবর্জনায়। ওই সময় এর ওপর দিয়ে মানুষ হাঁটত। গত ৪০ বছর এই খালে কোনো সংস্কার করা হয়নি। খালের কিছু জায়গায় দখল করে ভরাট করা হয়েছে। দখলদারদের অনেকে নিজেদের ইচ্ছায় সবকিছু করেছে। কিন্তু নিজের ইচ্ছায় সবকিছু হবে না।”
সিটি করপোরেশন খাল সংস্কারের দায়িত্ব পেয়েছে। খালগুলো উদ্ধার করে সেগুলো সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে।
“আমি সিটি জরিপ নিয়ে কাজ করতে বলেছি। খালের পাশে প্রচুর ময়লা আবর্জনা, এই খাল ডাস্টবিন হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটা হতে পারে না। সুতিভোলা খাল থেকে সাঁতারকুল হয়ে আমরা আফতাবনগর পর্যন্ত যেতে চাই। সেখান থেকে একদিকে বালু নদী অন্যদিকে হাতিরঝিল পর্যন্ত নৌ চলাচলের ব্যবস্থা চালু করতে চাই।”
পরিদর্শনের সময় মেয়রের সঙ্গে এডিবির একজন পরামর্শক এবং বুয়েটের সাবেক অধ্যাপক মুজিবুল হক ছিলেন।
মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ডিএনসিসি খালের উন্নয়ন বড় ধরনের পরিকল্পনা করেছে। খালের পাড়ে ওয়াকওয়ে, সাইকেল লেইন এবং বৃক্ষরোপন করা হবে। এজন্য অর্থ প্রয়োজন। বিষয়টি নিয়ে দাতাদের সঙ্গে কথা বলছে বলেও জানান মেয়র।
তিনি বলেন “আমরা নেচারবেইজড সল্যুশন চাই। খালে পানি থাকলে নৌ চলাচল করবে। খালের পানি পরিষ্কার থাকলে সেখানে মাছ চাষ করা যাবে, মশা হবে না। এটা করতে গেলে অনেক অর্থের প্রয়োজন। আমরা পরিকল্পনা বিভিন্ন সংস্থাকে দিব। এডিবি এগিয়ে এসেছে। আমি মনে করি অন্যান্য সংস্থাগুলো এগিয়ে আসবে এই শহরকে বাঁচানোর জন্য।”
এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান প্রকৌলশী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আমিরুল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।