ছোট অপরাধে জরিমানা হবে রিক্রুটিং এজেন্সির
আইন সংশোধন করে ৫০ হাজার থেকে দুই লাখ পর্যন্ত জরিমানা করার ব্যবস্থা রাখা হয়েছে।
ছোটখাট অপরাধের জন্য রিক্রুটিং এজেন্সিকে দুই লাখ টাকা পর্যন্ত জরিমানা করার বিধান রেখে এ সংক্রান্ত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে 'বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন (সংশোধন), ২০২৩' এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এক ব্রিফিংয়ে বলেন, “আমাদের আনঅফিসিয়ালি অনেক সাব-এজেন্ট অথবা প্রতিনিধি আছে। তাদেরকে কখনই আইনের আওতায় আনা যাচ্ছে না। তারা সবসময় ধরাছোঁয়ার বাইরেই চলে যাচ্ছে। এজন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”
মন্ত্রিপরিষদ সচিব জানান, রিক্রুটিং এজেন্সির অন্যায় পেলে তার লাইসেন্স স্থগিত বা বাতিল করতে হত। ছোটখাটো কোনো অপরাধ করলে শাস্তি দেওয়ার সুযোগ ছিল না। সেজন্য আইন সংশোধন করে ৫০ হাজার থেকে দুই লাখ পর্যন্ত জরিমানা করার ব্যবস্থা রাখা হয়েছে।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
