২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

যত দ্রুত সম্ভব সংসদে সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই সনদে স্বাক্ষরকারী দলগুলোর সঙ্গে মত বিনিময়ের পর সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি তাদের অবস্থান তুলে ধরেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Sep 2026, 07:25 PM

Updated : 20 Sep 2026, 07:50 PM

জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কারের জন্য আলাপ-আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে সহযোগিতা কামনা করেছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, “আমরা জুলাই জাতীয় সনদ অক্ষর অক্ষরে বাস্তবায়ন করব, যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেভাবে। আমরা যত দ্রুত সম্ভব সংবিধান সংশোধন বিল নিয়ে আসার চেষ্টা করব, আলাপ-আলোচনা চলতে থাকবে।”

জাতীয় সংসদ ভবনে জুলাই সনদ স্বাক্ষরকারী দলগুলোর সঙ্গে রোববার বিকালে মত বিনিময়ের পর কমিটির অবস্থান তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এর আগে দুপুরে সংসদ ভবনের কেবিনেট কক্ষে জুলাই সনদে স্বাক্ষরকারী দল ও জোটের শরিক দলগুলোর সঙ্গে মত বিনিময় করে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, “মত বিনিময়ে ১৫টি রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেছেন। এবি পার্টি অংশগ্রহণ না করলেও লিখিত মতামত দিয়েছে কমিটিকে। জাতীয় গণফ্রন্টের সভাপতি ও মহাসচিবের কেউ অংশগ্রহণ না করলেও তারা লিখিতভাবে মতামত জানাতে পারেন।”

মতবিনিময়ের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা এই আলাপ-আলোচনার মধ্য দিয়ে সবার সহযোগিতা কামনা করেছি। তারা বলেছেন যে, কিছু কিছু রাজনৈতিক দল মাঠের রাজনীতিতে প্রচারণা ও বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে যে বিএনপি সংখ্যাধিক্যের কারণে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না, যেটা সম্পূর্ণ অসত্য।”

ইতোমধ্যে সবার পরামর্শ গ্রহণ করে প্রতিবেদন প্রণয়নের কাজ চালু রেখেছে বিশেষ কমিটি, এমন তথ্য দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “এটা শেষ হওয়ার সাথে সাথে আমরা রিপোর্টটা সংসদে উপস্থাপন করতে পারব। সেই রিপোর্টের ভিত্তিতে আইন মন্ত্রণালয় ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে বিল আকারে সংশোধনটা আসবে।

“তখন আমরা আলোচনার মধ্য দিয়ে, সংসদের দীর্ঘ বিতর্কের মধ্য দিয়ে আশা করি একটা সমঝোতায় আসতে পারব। আমরা চাই সংবিধান সংশোধনের বিষয়টি সবাই সমঝোতার মধ্য দিয়ে, আলোচনার মধ্য দিয়ে সম্পন্ন করি।”

এর আগে বিকাল ৩টার দিকে মত বিনিময়ের মাঝপথে বৈঠক ‘বর্জনের’ কথা জানায় রাষ্ট্র সংস্কার আন্দোলন। এ বিষয়টিও উঠে আসে সাংবাদিকদের প্রশ্নে।

বিস্তারিত আসছে…