Published : 25 Jun 2023, 06:44 PM
প্রতিবন্ধী ভোটারদের ভোট কেন্দ্রে সুযোগ-সুবিধা বাড়ানোর লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনারের কাছে ৯টি সুপারিশ দিয়েছে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস)।
রোববার সংগঠনটির একটি প্রতিনিধি দল নির্বাচন ভবনে সিইসি কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করে তাদের দাবিনামা জমা দেয়।
বিপিকেএসের উপদেষ্টা ও জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের (জানিপপ) চেয়ারম্যান অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ জানান, প্রতিবন্ধীদের জন্য ভোটকেন্দ্রে সুযোগ-সুবিধা নিশ্চিতে ২০০৮ সাল থেকে বেশ কিছু সুপারিশ দেওয়া হয়। বর্তমান কমিশনের কাছে সেই সুপারিশগুলোর অগ্রগতির খবর নেওয়ার পাশাপাশি নতুন কিছু প্রস্তাব দেওয়া হয়েছে।
সিইসি এসব বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন জানিয়ে তিনি বলেন, নির্বাচন ভবনে প্রতিবন্ধীবান্ধব ব্যবস্থা রাখা এবং প্রতিটি তলায় অন্তত একটি করে তাদের উপযুক্ত শৌচাগার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
বিপিকেএসের প্রস্তাব
দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে অংশগ্রহণ বাড়ানোসহ নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্য থেকে মনোনয়ন দিয়ে দেশের রাজনৈতিক দলগুলোকে উৎসাহিত করা।
ইসির নির্ধারিত ভোট কেন্দ্রে প্রতিবন্ধিতার ধরন ও প্রতিবন্ধী নারীদের বিবেচনায় সকল প্রতিবন্ধী ভোটারদের দ্রুত ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি ( প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটদানের কক্ষ নিচতলায় নির্দিষ্টকরণ, প্রবেশগম্যকরণ, ভোট দেওয়ার জন্য আগত গুরুতর বা হুইলচেয়ার ব্যবহারকারী, দৃষ্টি, বুদ্ধি ও অটিস্টিক প্রতিবন্ধী ব্যক্তিদের ভোট অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণ এবং গুরুতর দৃষ্টি বুদ্ধি ও অটিস্টিক প্রতিবন্ধী ভোটারদের পছন্দনীয় ব্যক্তির সহায়কের সহায়তা নিশ্চিত করতে প্রিজাইডিং অফিসারে সহযোগিতা সুনিশ্চিৎ করা)।
বাক ও শ্রবণ প্রতিবন্ধী ভোটারের ভোট প্রয়োগের সুবিধায় তাদের সঙ্গে ইশারা ভাষায় অথবা লিখে যোগাযোগ করার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরকে নির্দেশনা দেওয়া অথবা তাদের নিজের পছন্দের দোভাষী সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের সুযোগসহ ভোটকেন্দ্রে লিখিত দিক-নির্দেশনামূলক তথ্য প্রচার করাসহ ৯ দফা সুপারিশ তুলে ধরা হয়েছে।
বৈঠককালে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান, ইমির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ প্রতিবন্দ্বী সংগঠনের দলের সঙ্গে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।