সিঙ্গাপুর থেকে আসা উড়োজাহাজের টয়লেটে মিলল ৫০ সোনার বার
সোনার বারগুলোর ওজন পৌনে ৬ কেজি, যার মূল্য আনুমানিক ১১ কোটি টাকা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি উড়োজাহাজের টয়লেট থেকে ৫০টি সোনার বার উদ্ধার করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় উড়োজাহাজটিতে চার ঘণ্টা অনুসন্ধান চালিয়ে বারগুলো পাওয়া যায় বলে এনবিআর সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
সোনার বারগুলোর ওজন পৌনে ৬ কেজি, যার মূল্য আনুমানিক ১১ কোটি টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উড়োজাহাজটিতে শতাধিক সোনার বার থাকার তথ্য পেয়েছিলেন শুল্ক গোয়েন্দারা। যদিও পরে ৫০টি পাওয়া যায়। টয়লেটে লুকানো ছিল সেগুলো।
গোয়েন্দা তথ্যের সঙ্গে উদ্ধার হওয়া বারের সংখ্যার তারতম্য হওয়ার বিষয়ে পরে অধিদপ্তরের এক সংশোধনীতে বলা হয়, “তথ্যদাতার সঙ্গে যোগাযোগে একটি অনিচ্ছাকৃত ভুল বোঝাবুঝির কারণে প্রাথমিকভাবে আমাদের কাছে তথ্য ছিল, একটি লম্বা কাপড়ের ব্যাগে ১২০টি সোনার বার রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে চূড়ান্ত গণনার আগেই শতাধিক বারের বিষয়টি প্রাথমিকভাবে জানানো হয়েছিল।”
