২৮০ শিল্পকর্ম নিয়ে চলছে 'টিউন অব আর্ট'
জুরি চয়েস অ্যাওয়ার্ড পেয়েছেন ১৬ শিল্পী, বিশেষ সম্মাননা পেয়েছেন ৬ বাংলাদেশি শিল্পী।
ঢাকায় শুরু 'টিউন অব আর্ট' নামে আন্তর্জাতিক উৎসবে ১৪ দেশের ২৫০ শিল্পীর পেইন্টিং, ফটোগ্রাফ, ভাস্কর্যসহ ২৮০টি শিল্পকর্ম স্থান পেয়েছে।
সোমবার নর্দান ইউনিভার্সিটি মিলনায়তনে এ উৎসব উদ্বোধন করেন ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান।
বাংলাদেশের ৫১তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের (বিআরসি) সহযোগিতায় নর্দান ইউনিভার্সিটি ও ফোকাস বাংলাদেশ যৌথভাবে এ উৎসব আয়োজন করেছে।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, "শান্তি, বন্ধুত্ব এবং মত বিনিময়ের জন্য বিশ্বের সাথে সংযোগ করা গুরুত্বপূর্ণ। আপনি যদি ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের দিকে তাকান, এই তিনটি দেশের মানুষ একই সাংস্কৃতিক শিকড় এবং অনুশীলনে বাঁধা- যদিও তারা বিভিন্ন পতাকা বহন করছে।
"বহির্বিশ্বের সাথে সংযোগ স্থাপন এবং মতামত বিনিময় করতে আমাদের বন্ধু হতে হবে এবং যেকোনো যুদ্ধ এড়াতে হবে। কারণ মানুষের শান্তি দরকার, এই পৃথিবীর শান্তি দরকার। শিল্পকর্মের মাধ্যমে মানবতা ও বৈচিত্র্যকে তুলে ধরতে হবে।"
বাংলাদেশের শিল্পী বীরেন শোম, মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেলা ক্যানফিল্ড, ভারতের প্রবীণ কর্মকার ও ইরানের মাহসা মেহেদিজাদেহসহ একটি আন্তর্জাতিক জুরি এই প্রদর্শনী ও পুরস্কারের জন্য শিল্পকর্ম নির্বাচিত করেন।
উদ্বোধন অনুষ্ঠানে জুরি চয়েস অ্যাওয়ার্ড পেয়েছেন ১৬ শিল্পী, বিশেষ সম্মাননা পেয়েছেন ৬ বাংলাদেশি শিল্পী।
বাংলাদেশের শিল্পী ফাতিমা তাহমিম, হৃদি আরদা আহমেদ, জান্নাতুল ফেরদৌস মুক্তি, কাব্যশ্রী সাহা ছোঁয়া, প্রীতি দেব, মুত্মাইন্না বিনতে হাবিব, নূর এ সাবা অশিন, স্বদেশ সুত্রধর, সৈয়দা জোবাইদা সিদ্দিকা ও এস এ নূর আলি; ভারতের শিল্পী শেখ আহসান, স্বপ্না সিনহা, সৌর সনি ও আর পদ্মজা; নেপালের শিল্পী প্রীতম থাপা এবং যুক্তরাষ্ট্রের নাফিসা আফরিন ইকবাল জুরি চয়েস অ্যাওয়ার্ড পেয়েছেন।
বিশেষ সম্মাননা পেয়েছেন বাংলাদেশের শাহিদুল ইসলাম সবুজ, নাইমা উল হুসনা, মানসী রয়, ফারিসা মাহমুদ, সোনিয়া বিনতে হাসান ও তানভিনা ফারজানা।
উৎসবের সহআয়োজক ফোকাস বাংলাদেশের পরিচালক মোহাম্মদ কাওসার হোসেন বলেন, মহামারীর পরে এই আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করতে পারা কঠিন। অনেক বাধা পেরিয়ে বিভিন্ন দেশ থেকে শিল্পকর্ম এসেছে। এই আয়োজনে ১৪টি দেশের তরুণ, উদীয়মান, পেশাদার ও সৌখিন শিল্পীরা অংশ নিয়েছেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক আনোয়ার হোসেন, সুলতানা আফরোজ, অধ্যাপক নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত শিল্পী বীরেন সোম। স্বাগত বক্তব্য দেন অধ্যাপক আনোয়ারুল করিম। সভাপতিত্ব করেন আবু ইউসুফ মো. আবদুল্লাহ। অনুষ্ঠানে নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন।
