১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঈদের ছুটি শুরু মঙ্গলবার

এবার টানা পাঁচ দিনের সরকারি ছুটি থাকায় অনেকই বাড়তি ছুটি নেননি।

ঈদের ছুটি শুরু মঙ্গলবার

কমলাপুর রেলওয়ে স্টেশনে সোমবার বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে ঈদে বাড়ি ফেরা মানুষের সংখ্যাও।

জ্যেষ্ঠ প্রতিবেদক

Published : 26 Jun 2023, 11:12 PM

Updated : 27 Jun 2023, 06:34 PM

কোরবানির ঈদে টানা পাঁচ দিনের সরকারি ছুটি শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। 

ঈদে সাধারণত তিন দিন সরকারি ছুটি থাকে। সেই হিসাবে ২৮, ২৯ ও ৩০ জুন ঈদের ছুটি হওয়ার কথা ছিল। 

তবে যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে নির্বাহী আদেশে ২৭ জুনকে ছুটি ঘোষণা করেছে সরকার। আর ১ জুলাই শনিবার সরকারি ছুটি। ফলে এবার ঈদে একটানা পাঁচ দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা। 

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে সোমবার শেষ কর্ম দিবসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কিছুটা কম ছিল। সোমবার মন্ত্রিসভা বৈঠকের দিন নির্ধারিত থাকায় এ দিন দর্শনার্থী পাস নিয়ে কেউ সচিবালয়ে ঢুকতে পারেননি। 

কর্মকর্তারা বলছেন, যাদের বাড়ি ঢাকা থেকে অনেক দুরে এবং পরিবারের সবাইকে নিয়ে গ্রামের বাড়ি যাবেন, তারা দু-একদিন ছুটি নিয়েছেন। তবে এবার টানা পাঁচ দিনের সরকারি ছুটি থাকায় অনেকই বাড়তি ছুটি নেননি। 

অন্যান্য দিনের মত সোমবারও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে স্বাভাবিক কার্যক্রম চলেছে বলে জানান এ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. অলিউল্লাহ। 

তিনি বলেন, “ঈদের আগে অনেকেই দু-একদিনের ছুটি নিয়ে থাকেন। এবার ঈদের ছুটি একদিন বাড়িয়ে দেওয়ায় বেশিরভাগ কর্মকর্তাই ছুটি নেননি।” 

ঈদের আগের দিন সড়কে যাতে বাড়তি চাপ না পড়ে, সেজন্য এবার ঈদের ছুটি এক দিন বাড়ানো হয়েছে বলে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন আগেই জানিয়েছিলেন। 

কোরবানির ঈদের ছুটি এক দিন বাড়াতে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রস্তাব করেছিল। যানজট, যাত্রী হয়রানি ও সড়ক দুর্ঘটনা কমাতে ২৭ জুন ঈদের ছুটি ঘোষণার দাবি জানিয়েছিল যাত্রী কল্যাণ সমিতিও। 

গত রোজার ঈদেও একদিন ছুটি বাড়িয়েছিল সরকার।