Published : 14 Jan 2024, 08:19 AM
ঢাকার তেজগাঁওয়ের সড়কে এলোপাতাড়ি গুলিতে আহত আইনজীবী ভুবন চন্দ্র শীলের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার মারুফ বিল্লাহ ওরফে হিমেলকে জিজ্ঞাসাবাদে দুই দিনের হেফাজত মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ শেখ সাদীর আদালত রিমান্ডের এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই (নিরস্ত্র) বিএম রানা আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিন রিমান্ডের আদেশ দেন। গত সোমবার রাতে পুরান ঢাকা থেকে হিমেলকে গ্রেপ্তার করে পুলিশ।
গত ১৮ সেপ্টেম্বর রাতে তেজগাঁও বিজি প্রেস ও পেট্রোল পাম্পের মাঝামাঝি স্থানে পুলিশের ‘তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী’ মামুনকে লক্ষ্য করে চারটি মোটরসাইকেলে আসা ৭-৮ জন যুবক এলোপাতাড়ি গুলি করে। এসময় রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে করে যাওয়ার সময় পথচারী ভুবন মাথায় গুলিবদ্ধ হন। এছাড়া আরিফুর নামে আরেক পথচারীও আহত হন।
ঘটনার পর দিন তার স্ত্রী রত্না রানী শীল বাদী হয়ে তেজগাঁও থানায় অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে মামলা করেন। এ ঘটনায় গুলিবিদ্ধ আইনজীবী ভুবন সোমবার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। এরপর মামলাটি হত্যা মামলায় রূপান্তরের আবেদন করেছে পুলিশ।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)