১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

দিনে চুরি, রাতে মাদকসেবন

তারা অর্ধশতাধিক চুরি করেছে বলে পুলিশের ভাষ্য।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2024, 06:11 PM

Updated : 26 Jan 2024, 06:11 PM

রাজধানীতে চুরির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ বলেছে, এরা দিনের বেলায় চুরি করত, আর রাতে সেই টাকা দিয়ে মাদক সেবন করত।

গ্রেপ্তাররা হলেন মো. সবুজ সিকদার (৩১), মো. মেহেদী (৩২) ও আশরাফুল হায়দার চৌধুরী (৪১)। রোববার রাতে মিরপুর ও সাভার থেকে তাদের গ্রেপ্তার করার সময় ৪৫ হাজার  টাকা এবং চুরি করার সরঞ্জাম উদ্ধার করার কথা জানিযেছে পুলিশ।

মিরপুর থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, “এরা সবাই দিনের বেলা চুরি করে আর রাতে সেই চুরির টাকা দিয়ে মাদক সেবন করে। সবুজ ও মেহেদী এলাকার চিহ্নিত চোর। সবুজের বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি, মেহেদীর বিরুদ্ধে পাঁচটি এবং আশরাফুলের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।”


ওসি বলেন, এই তিনজনসহ ৫ জনের একটি দল রয়েছে, যারা মাদকের টাকা জোগাড় করতে দিনের বেলা চুরি করে আসছিল। এভাবে তারা অর্ধশতাধিক চুরি করেছে।

গত ১৫ সেপ্টেম্বর মিরপুরের পাইকপাড়া এলাকায় একটি বাসায় চুরি করে ওই দলটি। সেখান থেকে নগদ প্রায় তিন লাখ টাকা চুরি করে তারা। পরে সিসিটিভির ভিডিও দেখে পুলিশ সবুজ ও মেহেদীকে শনাক্ত করে। পরে তিনজনতে গ্রেপ্তার করা হয়।

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)