২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

পাসপোর্ট দ্বিতীয়বার হারালে ফির বাইরে ১০ হাজার টাকা জরিমানা

পাসপোর্ট হারানো, চুরি বা নষ্টের ক্ষেত্রে অবশ্যই নিকটস্থ থানায় জিডি করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Sep 2026, 06:33 PM

Updated : 23 Sep 2026, 06:32 PM

হারিয়ে যাওয়া, চুরি বা নষ্ট হওয়া পাসপোর্ট বাতিলের সিদ্ধান্তের পাশাপাশি দ্বিতীয় দফা একই ঘটনা ঘটলে নতুন পাসপোর্ট পেতে নির্ধারিত ফির বাইরে প্রতিবার ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে।

সাম্প্রতিক সময়ে দেশে অনেকের হারিয়ে যাওয়া, চুরি হওয়া বা নষ্ট হওয়ার কথা বলে পাসপোর্ট পুনঃইস্যুর আবেদন দাখিলের প্রবণতা বাড়ায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে মঙ্গলবার পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৪ শাখা।

পরিপত্রে বলা হয়, “পাসপোর্ট একটি সংবেদনশীল ভ্রমণ দলিল হওয়ায় এর অপব্যবহারের মাধ্যমে মানবপাচার, অবৈধ অনুপ্রবেশ ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপসহ গুরুতর নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় হারানো, চুরি বা নষ্ট হওয়া পাসপোর্ট পুনঃইস্যুর ক্ষেত্রে এ সিদ্ধান্ত নিয়েছে।”

পরিপত্রে পাসপোর্ট বাতিল এবং জরিমানাসহ মোট ১০টি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাগুলো হল-

পাসপোর্ট প্রথমবার হারানো, চুরি বা নষ্ট হওয়ার ক্ষেত্রে নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত দণ্ড ফি আরোপ করা হবে না। তবে পরবর্তীতে পাসপোর্ট হারানো, চুরি বা নষ্ট হওয়ার ক্ষেত্রে প্রত্যেকবার নির্ধারিত ফির অতিরিক্ত ১০ হাজার টাকা দণ্ড ফি আরোপ করা হবে।

পাসপোর্ট হারানো, চুরি বা নষ্টের ক্ষেত্রে নিকটস্থ থানায় জিডি করতে হবে। সংশ্লিষ্ট থানা ৭২ ঘণ্টার মধ্যে জডির সঠিকতা যাচাই করে প্রতিবেদন পাসপোর্ট অধিদপ্তর অথবা নিকটস্থ পাসপোর্ট অফিসে পাঠাবে। ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন পাওয়া না গেলে জিডির কপি সংযুক্ত করে পাসপোর্ট পুনঃইস্যুর আবেদন করা যাবে। এরপরেই পাসপোর্ট অধিদপ্তর ‘লস্ট সার্কুলার’ জারি করে পাসপোর্ট পুনঃইস্যুর কার্যক্রম সম্পন্ন করবে।

জিডির সঠিকতা যাচাইয়ে যদি প্রতীয়মান হয়, ভিসা পাওয়ার উদ্দেশ্যে পাসপোর্টটি কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা ট্রাভেল এজেন্সির কাছে জমাকৃত ও অবৈধভাবে আটক রয়েছে এবং তা তাৎক্ষণিকভাবে ফেরত পাওয়া বা উদ্ধার করা সম্ভব নয়, সে ক্ষেত্রে অধিদপ্তর আগের পাসপোর্ট বাতিল করে তা পুনঃইস্যু করতে পারবে।

পাসপোর্ট হারানো, চুরি বা নষ্ট হয়ে যাওয়ার ক্ষেত্রে অনতিবিলম্বে পাসপোর্ট অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইট/অনলাইন ব্যবস্থায় রিপোর্ট করতে হবে। ওই রিপোর্টের ভিত্তিতে অধিদপ্তর সংশ্লিষ্ট পাসপোর্টের অবস্থা হালনাগাদসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

হারানো বা চুরি হওয়া পাসপোর্টের তথ্য পাওয়া মাত্র পুলিশের বিশেষ শাখা এসবি ইমিগ্রেশন ম্যানেজমেন্ট সিস্টেমে (আইএমএস) প্রয়োজনীয় হালনাগাদ করবে। এরপর প্রয়োজন অনুযায়ী ইন্টারপোলকে নোটিফিকেশন দেওয়াসহ বিধি মোতাবেক পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে।

বিদেশে অবস্থানকালে পাসপোর্ট হারিয়ে গেলে, চুরি বা নষ্ট হলে অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইট-অনলাইন ব্যবস্থায় রিপোর্ট করতে হবে এবং সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস-হাইকমিশন-কনস্যুলেটকে জানাতে হবে। সংশ্লিষ্ট মিশন ‘লস্ট সার্কিুলার’ জারি করে পাসপোর্ট পুনঃইস্যু প্রক্রিয়া সম্পন্ন করবে এবং এ সংশ্লিষ্ট তথ্য যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠাবে।

হারানো, চুরি বা নষ্ট হয়ে যাওয়া পাসপোর্ট পুনঃইস্যুর সময় নতুন ইস্যুকৃত পাসপোর্টের ডেটাপেজে স্পষ্টভাবে ‘প্রিভিয়াস পাসপোর্ট ইজ রিপোর্টেড টু বি লস্ট’ মুদ্রিত থাকবে। একইসঙ্গে সংশ্লিষ্ট ডেটাবেইজে আগের পাসপোর্টের অবস্থা যথাযথভাবে হালনাগাদ করতে হবে।

হারানো, চুরি বা নষ্ট হওয়া পাসপোর্ট পুনঃইস্যুর ক্ষেত্রে আবেদনকারীর মৌলিক পরিচয়গত তথ্য (নাম, জন্ম তারিখ, পিতার নাম এবং মাতার নাম) সম্পূর্ণ পরিবর্তন করা যাবে না। তবে প্রযোজ্য আইন-বিধি ও অনুমোদিত তথ্য সংশোধন প্রক্রিয়া অনুসরণে বৈধ সংশোধনের বিষয়টি আলাদাভাবে বিবেচনা করা যাবে।

কোন পাসপোর্ট আংশিকভাবে ক্ষতিগ্রস্থ বা নষ্ট হলে এবং এর শনাক্তযোগ্য অংশ বাহকের কাচে থাকলে তা সমপর্ণের ভিত্তিতে পাসপোর্ট পুনঃইস্যু করা যাবে। পাসপোর্ট সম্পূর্ণভাবে নষ্ট হওয়ার ফলে বাহককে চিহ্নিত করার মত কোন অংশবিশেষ প্রদর্শন করা সম্ভব না হলে হারানো পাসপোর্ট সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করে তা পুনঃইস্যু করতে হবে।

হারানো বা চুরি হয়ে যাওয়া হিসেবে রিপোর্টকৃত কোনো পাসপোর্ট বাতিল করার পর তা পরবর্তীতে পাওয়া গেলে তা আবার সক্রিয় করা বা বিদেশ ভ্রমণে ব্যবহার করা যাবে না। সংশ্লিষ্ট ব্যক্তিকে বিষয়টি নিকটস্থ থানা এবং পাসপোর্ট অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইট- অনলাইন ব্যবস্থায় রিপোর্ট করতে হবে। বিদেশে অবস্থানকারীদের ক্ষেত্রে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইট- অনলাইন ব্যবস্থায় রিপোর্টসহ সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস, হাইকমিশন, কনস্যুলেটকে জানাতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী ইমিগ্রেশন অ্যালার্ট হালনাগাদ করবে।