ঢাকায় বিতণ্ডার জেরে ব্যবসায়ীকে মারধর, হাসপাতালে মৃত্যু
পুলিশ বলছে, কথা কথাকাটাকাটির জেরে ওই ব্যক্তিকে মারধর করে একদল তরুণ।
রাজধানীর মিরপুরে একদল তরুণের হাতে মারধরের শিকার এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শনিবার রাতে শাহ আলী থানা এলাকায় এ ঘটনা ঘটে বলে দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান জানান।
ওমর ফারুক (৩৫) নামে ওই ব্যক্তি গাড়ির চাকার ব্যবসা করতেন।
মফিজুর রহমান বলেন, শাহ আলীর ডি ব্লকে হাজী ফার্মেসির সামনে কয়েকজন ছেলে ফারুককে চড়-থাপ্পড় দেয় ও লাঞ্ছিত করে। ঘটনাস্থলের পাশেই বাসায় চলে গেলেও তার বাসায় ঢিল ছুড়ে ওই তরুণরা।
“মানসিকভাবে ভেঙে পড়া ওই ব্যক্তি বাসায় যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
‘মাফিক মিম ও রনিসহ একদল বখাটে’ তাকে মারধর করে জানিয়ে পুলিশ কর্মকর্তা মফিজুর বলেন, “প্রায় দেড় মাস আগে মিমের সঙ্গে ওমর ফারুকের কথা-কাটাকাটি হয়। সেই ঘটনার জেরে বখাটে তরুণরা চড়-থাপ্পড় দেয়, বাসায় ঢিল ছোড়ে। এরপরেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।”
ঘটনার রাতেই একজনকে গ্রেপ্তার করা হয় জানিয়ে তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
