ধর্ষণের পর হত্যা: মামাত ভাইয়ের মৃত্যুদণ্ড
১১ বছর আগের একটি মামলায় এ দণ্ড দেওয়া হয়।
রাজধানীর দক্ষিণখানে ছয় বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ ও হত্যার দায়ে মামাত ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম সামছুন্নাহার ১১ বছর আগের মামলাটিতে রায়হান আহমেদ মাসুদকে (৩০) এ দণ্ড দেন।
আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করার পর তার উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয় বলে পিপি আলী আসগর স্বপন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আরেকটি ধারায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে মৃত্যুদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়।
এছাড়া আরও একটি অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মামলার নথি থেকে জানা যায়, ২০১১ সালের ১০ এপ্রিল রায়হান ওই শিশুকে অপহরণ করে। ওইদিন রাত সাড়ে ১১টা থেকে পরদিন দুপুর পর্যন্ত দক্ষিণখানের আশকোনার একটি আবাসিক হোটেলে ধর্ষণের পর শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করে।
ভুক্তভোগীর বড় ভাই দক্ষিণখান থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১২ সালের ৩ জুলাই রায়হানকে আসামি করে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা।
এতে ১১ জনের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত।
