রাজধানীর বাংলামোটরে বাসে আগুন
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ঢাকার বাংলামোটরে যাত্রীবাহী একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা পরে ছড়িয়ে পড়ে পাশের ভবনেও।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে বাংলামোটর-মগবাজার সড়কে আগুন লাগার এ ঘটনার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসাইন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের তৎপরতা শুরু করেন।
ঘটনাস্থলের বিপরীত পাশে দৈনিক দেশ রূপান্তরের কার্যালয়। ওই পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিক সরোয়ার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মগবাজারগামী বাসটিতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্যদের তা তিনি নিয়ন্ত্রণে কাজ করতে দেখেন।
“বাসটি যেখানে আগুন লাগে তার পাশেই মমতাজ ভবন। এ বাসের আগুন থেকে ওই ভবনের দোতলায় আগুন লেগে যায়।”
বেশ কিছুক্ষণ পর দমকলকর্মীরা তা নিয়ন্ত্রণে নিয়ে আনেন বলে জানান তিনি।
তবে বাসটিতে কীভাবে আগুন লেগেছে, সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কেউ কিছু জানাতে পারেননি বলে জানান সাংবাদিক সরোয়ার।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের তরফে বলা হয়, আগুন কীভাবে লেগেছে বা কী পরিমাণ ক্ষতি হয়েছে, সে ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই।
