সরকারি কলোনি পরিষ্কারে গণপূর্তকে ডিএসসিসির তাগিদ
জমে থাকা পানি সরানো, এডিসের লার্ভা ধ্বংস এবং পানি জমার উপযোগী ডাব-নারকেলের খোসা, প্লাস্টিকের বোতল ও পরিত্যক্ত টায়ার অপসারণ করা হয়।
ডেঙ্গু প্রতিরোধে সরকারি আবাসিক এলাকাগুলোতে নিরবচ্ছিন্ন পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যেতে গণপূর্ত অধিদপ্তরকে আহ্বান জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকালে রাজধানীর মতিঝিলে সরকারি আবাসিক এলাকা এজিবি কলোনিতে বিশেষ ‘ক্লিনিং ডে’ কর্মসূচির উদ্বোধনীতে এ আহ্বান জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।
তিনি বলেন, “সিটি করপোরেশন সপ্তাহে সাত দিনই পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখবে। তবে সরকারি আবাসিক এলাকায় নিরবচ্ছিন্ন পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রে গণপূর্ত অধিদপ্তরকে দৃষ্টি দিতে হবে।”
এ সময় ডেঙ্গু প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা থেকে সরকারি ও বিরোধী দলসহ সব রাজনৈতিক দল এবং নাগরিক সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রশাসক।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে শনিবার ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’ বা বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চলে।
আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে শনিবার ৭৫টি ওয়ার্ডের বাসাবাড়ি, সড়ক, অলিগলি, ড্রেন, নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত স্থাপনায় নিবিড় তদারকি চালানো হয়।
এ সময় জমে থাকা পানি সরানো, এডিসের লার্ভা ধ্বংস এবং পানি জমার উপযোগী ডাব-নারকেলের খোসা, প্লাস্টিকের বোতল ও পরিত্যক্ত টায়ার অপসারণ করা হয়।
পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে লিফলেট বিতরণ ও সচেতনতামূলক শোভাযাত্রা করেন সিটি করপোরেশনের কর্মীরা।
