১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাপানি পর্যটকের টাকা ছিনতাই: রিমান্ডে একজন

ঢাকার রায়েরবাজার বধ্যভূমির কবরস্থান এলাকা থেকে স্বপন নামে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2023, 11:15 PM

Updated : 28 Apr 2023, 11:15 PM

ঢাকার রায়েরবাজারে বধ্যভূমি স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে দুই জাপানি পর্যটকের টাকাসহ মালামাল ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার তিনজনের একজনকে জিজ্ঞাসাবাদে হেফাজতে পেয়েছে পুলিশ।

শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ শুনানি শেষে খায়রুল ইসলাম স্বপনকে (২৮) এক দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার রাতে প্রথমে স্বপনকে ঢাকা থেকে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুইজনকে চট্টগ্রামের সীতাকুণ্ডু থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগ।

আদালতে মোহাম্মদপুর থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক এশারত আলী জানান, শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক স্বপনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, ছিনতাই করা মালামাল উদ্ধার, পলাতক সহযোগীদের গ্রেপ্তারসহ তাদের নাম ঠিকানা পেতে স্বপনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেনআদালত।

গত ২৪ এপ্রিল সন্ধ্যায় বধ্যভূমি স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে দুই জাপানি পর্যটক ছিনতাইকারীদের কবলে পড়েন। পরে এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা হয়।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপকমিশনার আজিমুল হক শুক্রবার সংবাদ সম্মেলন করে বলেছিলেন, বাংলাদেশে বেড়াতে আসা জাপানি দুই নাগরিক গত ২৪ এপ্রিল ঢাকার শুক্রবাদ এলাকার হোটেল নন্দিনীতে ওঠেন।

"তারা সেদিন রাত সাড়ে ৮টার দিকে রায়েরবাজার বধ্যভূমিতে বেড়াতে যান। সেখানে থেকে তারা পাশে কবরস্থানে গেলে ছিনতাইয়ের কবলে পড়েন।"

পুরানো খবর:

ছিনতাইয়ের টাকায় কক্সবাজার ভ্রমণ, গ্রেপ্তার ৩

তাদের কাছ থেকে পাসপোর্ট, প্রায় দেড় লাখ জাপানি ইয়েন, বাংলাদেশি প্রায় ২৮ হাজার টাকা, দুইটি আইফোন, দুইটি ক্রেডিট কার্ড ও ড্রাইভিং লাইসেন্স ছিনিয়ে নেওয়া হয়।

পরে মোহাম্মদপুর থানায় এ বিষয়ে মামলা হলে পুলিশ আশেপাশের সিসি ক্যামেরার ভিডিও সংগ্রহ করেন। সেগুলো দেখে বৃহস্পতিবার কবরস্থান থেকে স্বপনকে গ্রেপ্তার করা হয়।

বাকি দুজনকে গ্রেপ্তারের বিষয়ে পুলিশ কর্মকর্তা আজিমুল বলেন, "পরে তার দেওয়া তথ্য অনুযায়ী আমরা জানতে পারি, ছিনতাইয়ের সাথে জড়িত দুইজন কক্সবাজারে বেড়াতে গেছে। এরপরেই সাথে সাথে বিমানের টিকিট কেটে দুইজনকে (পুলিশ) কক্সবাজার পাঠিয়ে দেওয়া হয়।

“কক্সবাজার গিয়ে জানা যায় তারা সীতাকুণ্ডে গেছে। এরপর পুলিশ সদস্যরা সীতাকুণ্ডে গিয়ে তাদের গ্রেপ্তার করে ঢাকার নিয়ে আসে।”