হাম-রুবেলার টিকাদানে মার্কিন সহায়তা
ইউনিসেফের মাধ্যমে ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’ এর আওতায় টিকাদান কার্যক্রমে সহায়তা দেওয়া হচ্ছে, বলছে ঢাকায় মার্কিন দূতাবাস।
হাম ও রুবেলার প্রাদুর্ভাব থেকে শিশুদের সুরক্ষায় দেশব্যাপী শুরু হওয়া টিকাদান কার্যক্রমে সহায়তা করছে যুক্তরাষ্ট্র।
ইউনিসেফের মাধ্যমে ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’ এর আওতায় টিকাদান কার্যক্রমে সহায়তা দেওয়া হচ্ছে বলে বুধবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
গত ২৬ সেপ্টেম্বর শুরু হওয়া দেশব্যাপী টিকাদান কার্যক্রমে ছয় থেকে ৫৯ মাস বয়সি ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বুধবার বনানীর কড়াইলে টিঅ্যান্ডটি মাঠে টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের শার্জে দ্য অ্যাফেয়ার্স এরিক গিলান।
এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী আবদুল মুহিত, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, ইউনিসেফ বাংলাদেশের কমিউনিকেশনস অ্যান্ড অ্যাডভোকেসি প্রধান মিগেল মাতেও মুনিয়োজ এবং ইমিউনাইজেশন লিড রিয়াদ মাহমুদ উপস্থিত ছিলেন।
