রাষ্ট্রপতির সঙ্গে আইজিপির সাক্ষাৎ
সেবার মনোভাব নিয়ে কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জনে আইজিপিকে তাগিদ দেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পুলিশের নতুন প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।
রোববার সন্ধ্যায় বঙ্গভবনে পুলিশ মহাপরিদর্শককে স্বাগত জানান রাষ্ট্রপতি।
সাক্ষাতের সময় পুলিশকে সেবার মনোভাব নিয়ে কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জনের কথা বলেন।
এসময় আইজিপি রাষ্ট্রপতির সার্বিক দিক নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।
এর আগে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলামের সভাপতিত্বে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন আইজিপি; সেখানে পুলিশের সক্ষমতাসহ জনগণের বিশ্বাস অর্জনের বিষয়ে আলাপ করেন তিনি।
ওই অনুষ্ঠানে পুলিশের সক্ষমতা বাড়ানোর কথা উল্লেখ করে আইজিপি বলেন, এক সময় পুলিশের মামলা তদন্তের সফলতা ছিল সোর্স (উৎস) নির্ভর। এখন বৈজ্ঞানিক কৌশল ব্যবহারের মাধ্যমে পুলিশ অপরাধ উদঘাটন করছে। বেশির ভাগ ক্ষেত্রেই মামলার রহস্য উদঘাটিত হচ্ছে। ফলে পুলিশের প্রতি জনগণের আস্থাও বেড়েছে।
থানাগুলোকে জনগণের আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান আল-মামুন।
পুলিশপ্রধান বলেন, “থানার দরজা কখনও বন্ধ হয় না, ২৪ ঘণ্টা খোলা থাকে। থানায় যারা আসেন তাদের কথা সহানুভূতির সাথে শুনতে হবে। পুলিশের প্রতি জনগণের যে ভালোবাসা তৈরি হয়েছে, তা কাজে লাগিয়ে পুলিশের ভাবমূর্তি আরও বাড়াতে হবে।”
জঙ্গি দমনে পুলিশের সফলতা তোলে ধরে আইজিপি বলেন, “আমাদের আত্মতুষ্ঠিতে ভুগলে হবে না। আমাদের কাজ চলমান রাখতে হবে। জনগণের আশা ধরে রাখতে হবে।”
জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সাধারণ মানুষ পুলিশের কাছ থেকে যে সেবা পাচ্ছে। সেই দায়িত্ব পুলিশকে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
এর আগে মোটরকেড ও সুসজ্জিত অশ্বারোহী পরিবেষ্টিত হয়ে আইজিপি সংবর্ধনাস্থলে পৌঁছালে তাকে গর্ড অব অনার প্রদান করা হয়।
গত ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আল-মামুন।
