Published : 15 Oct 2023, 08:52 PM
‘সামনে অনেক চ্যালেঞ্জ’ আসতে পারে জানিয়ে বাহিনীর সদস্যদের সতর্ক করেছেন সদ্য দায়িত্ব নেওয়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। বলেছেন, “সেইসব চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে সতর্ক থেকে দায়িত্ব পালন করতে হবে।”
আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করা পুলিশের প্রধান কাজ ও পবিত্র দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
রোববার মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পুলিশ লাইন্সে বিশেষ রোলকলে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি এসব কথা বলেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ডিএমপি কমিশনার বলেন, “আমরা সুশৃঙ্খল বাহিনী। আমাদের কাজে-কর্মে শৃঙ্খলা রাখতে চাই। পোশাক-পরিচ্ছদের পাশাপাশি আমাদের মন মানসিকতাও পরিচ্ছন্ন রাখব।
“আমরা মানুষের ভালো করার জন্য পুলিশের চাকরিতে এসেছি। নিজে ভালো না থাকলে অন্যকে ভালো রাখা যাবে না। সুতরাং নিজে আগে ভালো থাকতে হবে।”
হাবিবুর রহমানের আশা, তার বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থী কোনো অভিযোগ পাওয়া যাবে না। তিনি বলেন, “মনে রাখতে হবে, অপরাধ করে পার পেয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।”
পুলিশের অনেক সদস্য ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন জানিয়েও এ নিয়েও সতর্ক করেন ডিএমপি কমিশনার।
পুলিশ হাসপাতাল পরিদর্শন করার অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, “সেখানে দেখেছি চিকিৎসাধীন ৮০ ভাগই ডেঙ্গু রোগী। ডেঙ্গু থেকে বাঁচার জন্য আমাদের আশপাশ নিজ দায়িত্বে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
“সহসা ডেঙ্গু শেষ হয়ে যাবে, বিষয়টি এমন নয়। সুতরাং এর থেকে বাঁচতে নিজেদের সচেতন হওয়া ছাড়া অন্য কোনো ব্যবস্থা নেই।”
মানসিকভাবে প্রফুল্ল থাকতে ও শারীরিকভাবে ফিট থাকতে ডিউটির ফাঁকে ফাঁকে খেলাধুলার পরামর্শও দেন ডিএমপি প্রধান।
বিশেষ রোল কলে পিওএম বিভাগের সদস্যরা তাদের কিছু সমস্যা ও চাহিদার কথা তুলে ধরেন।
রোল কল শেষে পুলিশ লাইন্সের ব্যারাক, মেস ও রান্নাঘর পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। খাবারের মান বৃদ্ধিতে দায়িত্বশীলদের দিকনির্দেশনাও দেন তিনি।