২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

হাতিরঝিলে তরুণীর ঝাঁপ, পরে লাশ উদ্ধার

ওই তরুণীর পরপর তাকে উদ্ধারে এক ভ্রাম্যমাণ বিক্রেতা ঝাঁপিয়ে পড়লেও তরুণীর খোঁজ পায়নি; পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2023, 02:09 AM

Updated : 23 Jul 2023, 02:23 AM

ঢাকার হাতিরঝিল থেকে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে; যিনি তার খোঁজে পুলিশ আসছে বুঝতে পেরে 'ঝাঁপ দিয়েছিলেন' পানিতে।

শনিবার মধ্যরাতের কিছু আগে এ ঘটনা ঘটে জানিয়ে হাতিরঝিল থানার ওসি আওলাদ হোসেন বলেন, রাজধানীর ভাটারা থানায় বসবাসরত মেয়েটি পরিবারের সঙ্গে মান অভিমান করে শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন।

নিহত ওই তরুণীর নাম আকলিমা আক্তার রিয়া, বয়স আনুমানিক ১৬। তিনি এবার বনানী বিদ্যানিকেতন থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন বলে জানান ওসি।

ঘটনার বর্ণনা দিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, “পরিবারের সঙ্গে মনে হয় তার কিছু মান অভিমান চলছিল, যার কারণে শুক্রবার সে বাসা থেকে নিখোঁজ হয়। তার বাসা ভাটারা থানা এলাকায়। তার পরিবার ভাটারা থানা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ মেয়েটিকে খুঁজতে শুরু করে।

“শনিবার রাতের বেলায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মেয়েটির অবস্থান পাওয়া যায় হাতিরঝিলের পুলিশ প্লাজার পেছনের হাতিটির কাছে। পুলিশ তাকে ধরতে আসছে এমন কিছু বুঝতে পেরে সে পানিতে ঝাঁপ দেয়।“

ওসি জানান, রাত সোয়া ১১টা থেকে সাড়ে এগারোটার মধ্যেকার এ ঘটনায় সঙ্গে সঙ্গে মেয়েটিকে বাঁচাতে সেখানে থাকা নোমান নামে এক হাওয়াই মিঠাই বিক্রেতা তরুণও পানিতে ঝাঁপ দেয়। তবে মেয়েটি তলিয়ে গেলে তার হদিস না পেয়ে নোমান কূলে উঠে আসে।

ওই সময়ই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে তাদের ডুবুরিদের সহায়তায় মেয়েটির লাশ উদ্ধার করা হয়।

পুরানো খবর:

হাতিরঝিলে ভাসছিল যুবকের লাশ

পুলিশ কর্মকর্তা আওলাদ বলেন, “প্রথমে আমরাও ভেবেছিলাম তরুণটির সঙ্গে হয়তো মেয়েটির কোনো সম্পর্ক আছে। পরে নিশ্চিত হওয়া গেছে যে নোমান সেখানে হাওয়াই মিঠাই বিক্রি করেন। মেয়েটির প্রাণ বাঁচাতেই সাহসী এই ১৯ বছরের তরুণ পানিতে ঝাঁপ দিয়েছিল।“

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নজরুল ইসলাম জানান, শনিবার রাতে খবর পেয়ে তাদের ডুবুরিরা হাতিরঝিলে গিয়ে ওই তরুণীকে মৃত অবস্থায় উদ্ধার করে। নিহত তরুণীর নাম আকলিমা আক্তার রিয়া।