Published : 03 Nov 2025, 05:22 PM
প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্তিসহ পাঁচ দফা দাবিতে শিক্ষকদের যমুনা অভিমুখী পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ।
বাধা পেয়ে শিক্ষকরা প্রেস ক্লাবের সামনের সড়ক আটকে অবস্থান নিলে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়।
এদিন প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। দুপুরে কর্মসূচি থেকে পদযাত্রা নিয়ে শিক্ষকরা যমুনার দিকে যাওয়ার চেষ্টা করেন। কিছু দূর এগিয়ে কদম ফোয়ারার সামনে পৌছালে পুলিশ তাদের বাধা দেয়।
সেখান থেকে শিক্ষকদের ৭ সদস্যের একটি প্রতিনিধি দল আলোচনার উদ্দেশে যান। অন্যান্য শিক্ষক সড়কে অবস্থান নেন। আধা ঘণ্টা পর পুলিশ সদস্যরা তাদের সড়ক থেকে সরিয়ে দেন। এসময় পুলিশ ও শিক্ষকদের মধ্য ধস্তাধস্তি দেখা যায়। পরে তারা অবস্থান কর্মসূচিতে ফিরে যান।
আন্দোলনরত একজন শিক্ষক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা নয় দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের যমুনা অভিমুখে পদযাত্রায় পুলিশ আটকে দিলে আমরা সড়কে অবস্থান নিই। এসময় পুলিশ আমাদের বল প্রয়োগ করে রাস্তা থেকে সরিয়ে দেয়। তারা একজনকে আটক করে জিজ্ঞাসাবাদও করছে।"
প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের ৫ দাবি হল—
>> অবিলম্বে সব বিশেষ (অটিস্টিক ও প্রতিবন্ধী) বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তি সুনিশ্চিত করতে হবে।
>> সকল বিশেষ বিদ্যালয়ের প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো সুনিশ্চিত করতে হবে।
>> বিশেষ শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি ৩ হাজার টাকা নিশ্চিত করতে হবে।
>> শিক্ষার্থীদের মিড-ডে মিলসহ শিক্ষা উপকরণ, খেলাধুলা সরঞ্জাম প্রদান ও থেরাপি সেন্টার বাস্তবায়ন করতে হবে।
>> ছাত্র-ছাত্রীদের ভোকেশনাল শিক্ষা কারিকুলামের আওতায় কর্মসংস্থান সৃষ্টি ও পুনর্বাসন সুনিশ্চিত করতে হবে এবং সকল চাকরি ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের নির্ধারিত কোটা নিশ্চিত করতে হবে।