Published : 24 Mar 2026, 07:18 PM
জাপানের টোকিওতে ‘সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের’ এক সংলাপ অনুষ্ঠানে অংশ নিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার ‘হারমনি বাই ডিজাইন: এশিয়া ডায়ালগ’ শীর্ষক সংলাপে তিনি অংশ নেন বলে নিজের ফেইসবুক পেইজে তুলে ধরেন।
সংলাপে থাইল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী চুয়ান লিকপাই, ইন্দোনেশিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান উইরাজুদা এবং শ্রীলঙ্কার ‘নবরত্নে চুরমান সেবালঙ্কা ফাউন্ডেশনের’ হর্ষ কুমারার সঙ্গে ইউনূসকেও ‘ঋষি’ হিসেবে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানের ফাঁকে সাবেক জাপানি ফার্স্ট লেডি আকি আবে সঙ্গে ইউনূসের সাক্ষাৎ ও উপহার বিনিময় হয়েছে।
রোববার মধ্যরাতে ঢাকা থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এক ফ্লাইটে টোকিওর উদ্দেশে যাত্রা করেন ইউনূস। সেখানে মঙ্গলবার ও বুধবার সংলাপ অনুষ্ঠানের সূচি রয়েছে। মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে ‘তিন-শূন্য’ কেন্দ্রিক আইডিয়া ইউনূস তুলে ধরেন বলেও তার ফেইসবুকে লেখা হয়েছে।
মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন সাবেক এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ২৪ এর আগস্ট থেকে ২৬ এর ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালনকালে ড. ইউনূস যুক্তরাষ্ট্র, লন্ডন, ইতালি, জাপানসহ বেশ কয়েকটি দেশ সফর করেছিলেন।

ঘনঘন সেসব সফর রাষ্ট্রের দ্বিপাক্ষিক আলোচনা বা সফলতা তেমন আনেনি বরং সেসব ব্যক্তিগত সফর ছিল বলেও বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে।
এর মধ্যে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জানুয়ারি মাসে সাবেক জাপানি ফার্স্ট লেডি আকি আবে এবং জাপানি উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাতে এলে তাদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব থেকে অবসর নেওয়ার পর মার্চ মাসের তৃতীয় সপ্তাহে জাপান সফরের পরিকল্পনার কথা তুলে ধরেন তৎকালীন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
মর্যাদাপূর্ণ সাসাকাওয়া ফাউন্ডেশনের সঙ্গে একটি যৌথ সামুদ্রিক গবেষণা উদ্যোগে অংশ নিতে তিনি জাপানে যাবেন বলে দেশটির এক প্রতিনিধি দলকে তখন তিনি জানান।