২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

কেরাণীগঞ্জে গৃহবধূ হত্যা: ভাসুর রিমান্ডে

‘পূর্বপরিকল্পিতভাবে’ তাকে ‘শ্বাসরোধ’ করে হত্যার অভিযোগ রয়েছে, বলেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2026, 06:58 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

মাসখানেক আগে ঢাকার কেরাণীগঞ্জে ফারজানা আক্তার নামে এক গৃহবধূকে হত্যার মামলায় তার ভাসুরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

তদন্ত কর্মকর্তার আবেদনে শুনানি নিয়ে রোববার ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান তার দুই দিন রিমান্ডের আদেশ দিয়েছে।

ফারজানার ভাসুর মো. সবুজ খলিফাকে (৩৬) আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরাণীগঞ্জ থানার এসআই তাপস কুমার কুন্ডু।

প্রসিকিউশন বিভাগের এসআই মো. আরিফ বলেন, শুনানি নিয়ে বিচারক তার দুদিন রিমান্ড মঞ্জুর করেন।

সবুজ খলিফাকে শনিবার চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

পরে র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বামীর সঙ্গে কেরাণীগঞ্জে শ্বশুরবাড়িতে ছিলেন ফারজানা। গত ১৮ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে তাকে হত্যা করা হয়। বাসায় অন্য কেউ না থাকার সুযোগে ‘পূর্বপরিকল্পিতভাবে’ তাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ রয়েছে।

হত্যার পরদিন ফারজানার মা মাকসুদা বেগম দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মামলা করেন।