Published : 29 Jan 2026, 04:32 PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ১১৯টি মামলা ও ১২ লাখ ২৪ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে নির্বাচন কমিশনের মাঠ কর্মকর্তারা ।
বৃহস্পতিবার গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব ও এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিদিন নির্বাচনে মাঠ পর্যায়ের পরিবেশ সুষ্ঠু রাখতে নানা কার্যক্রমের মধ্যে আচরণ বিধি লঙ্ঘনে মামলা ও জরিমানা করা হচ্ছে।
গত ৮ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা নির্বাচনি আচরণ বিধি প্রতিপালন/অভিযোগ বিষয়ে গৃহীত ব্যবস্থা (জেল/জরিমানা) সম্পর্কে প্রতিবেদন জানা যায়, ১৭৬টি নির্বাচনি এলাকায় ১৯২টি আচরণ বিধি ভঙ্গের ঘটনা ঘটেছে।
এতে মোট জরিমানা করা হয়েছে ১২ লাখ ২৪ হাজার ৩০০ টাকা; আর মামলা করা হয়েছে ১১৯টি।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ইসির কাছে কোনো অভিযোগ এলেও প্রাথমিক পর্যায়ে রিটার্নিং অফিসার, মাঠ পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত এবং ইলেক্টোরাল ইনকোয়ারি ও বিচারক কমিটি তাৎক্ষণিকভাবে সেগুলো আমলে নিচ্ছে। প্রতিদিনই তারা মোবাইল কোর্ট পরিচালনা করছে।
“প্রতিদিনই আমরা রিপোর্ট পাচ্ছি কেস রুজু হচ্ছে; কোথাও জরিমানা হচ্ছে; কোথাও শোকজ হচ্ছে। মানে কার্যক্রম আপনার জোরেশোরে চলছে।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২ হাজারের কাছাকাছি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭ টা পর্যন্ত প্রচারণা চালতে পারবেন এসব প্রার্থীরা।
আর ভোটগ্রহণ হবে আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।