১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

৪ কারা সুপার বাধ্যতামূলক অবসরে

‘জনস্বার্থে’তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর কথা বলা হয়েছে আদেশে।

৪ কারা সুপার বাধ্যতামূলক অবসরে
বাঁ থেকে উপরে মকলেছুর রহমান, বজলুর রশিদ আখন্দ; নিচে নেছার আলম ও সুভাষ কুমার ঘোষ

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2024, 07:05 PM

Updated : 26 Aug 2026, 10:30 AM

দেশের চার কারাগারের তত্ত্বাবধায়ককে (সুপারিনটেনডেন্ট) বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এ সংক্রান্ত আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করে।

অবসরে যাওয়া চার তত্ত্বাবধায়ক হলেন- শরীয়তপুর জেলা কারাগারের সুভাষ কুমার ঘোষ, মানিকগঞ্জ জেলা কারাগারের বজলুর রশিদ আখন্দ, টাঙ্গাইল জেলা কারাগারের মকলেছুর রহমান এবং হবিগঞ্জ জেলা কারাগারের নেছার আলম।

তাদের মধ্যে সুভাষের ৯ বছর, বজলুরের ২ বছর, মকলেছুরের ৪ মাস ও নেছারের পৌনে ৩ বছরের চাকরির মেয়াদ ছিল।

সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী ‘জনস্বার্থে’তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর কথা বলা হয়েছে আদেশে।

ওই ধারায় বলা আছে, “কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ (পঁচিশ) বৎসর পূর্ণ হইবার পর যে কোনো সময় সরকার, জনস্বার্থে, প্রয়োজনীয় মনে করিলে কোনোরূপ কারণ না দর্শাইয়া তাহাকে চাকরি হইতে অবসর প্রদান করিতে পারিবে।”

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন মঙ্গলবার বলেছিলেন, কারাগারের গতিশীলতা আনার জন্য কিছু সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। যেসব কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে, তাদের ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

এর একদিন বাদেই চার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো।