১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অভ্যুত্থানে আওয়ামী লীগের নৃশংসতা হানাদার বাহিনীকেও হার মানিয়েছে: আইন উপদেষ্টা

“কোনো যুদ্ধবিধ্বস্ত দেশেও এমন ঘটনা ঘটেনি, যা বাংলাদেশে ঘটেছে,” বলেন তিনি।

অভ্যুত্থানে আওয়ামী লীগের নৃশংসতা হানাদার বাহিনীকেও হার মানিয়েছে: আইন উপদেষ্টা
ঢাকায় আইন মন্ত্রণালয়ের উদ্যোগে মঙ্গলবার ‘জুলাই গণহত্যার বিচার ও তথ্যচিত্র প্রদর্শনী’ অনুষ্ঠানে বক্তব্য দেন আসিফ নজরুল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2025, 08:46 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

চব্বিশের জুলাই-অগাস্টে ছাত্রজনতার গণআন্দোলনে আওয়ামী লীগের নৃশংসতা একাত্তরে পাকিস্তানের হানাদার বাহিনীর বর্বরতাকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি বলেছেন, “আমরা একাত্তর সালেও দেখিনি মৃতদেহ পুড়িয়ে ফেলার দৃশ্য; কিন্তু জুলাইয়ের গণঅভ্যুত্থানে সে কাজ করে দেখিয়েছে আওয়ামী শাসনামল।”

মঙ্গলবার ঢাকায় আইন মন্ত্রণালয়ের উদ্যোগে ‘জুলাই গণহত্যার বিচার ও তথ্যচিত্র প্রদর্শনী’ অনুষ্ঠানে তিনি একথা বলেন, লিখেছে বাসস।

জুলাইয়ে গণহত্যার বিচার কার্যক্রমে কোনো গাফিলতি নেই মন্তব্য করে তিনি বলেন, “আমরা জুলাই গণঅভ্যুত্থানের বিচারকাজে এমন অকাট্য প্রমাণ রেখে যাব, যাতে পরবর্তী সরকারগুলো বিচারব্যবস্থাকে প্রলম্বিত করতে না পারে।

“আমাদের প্রতি আস্থা রাখুন, আমরা সঠিক সময়ে জুলাই গণহত্যার বিচার করে দেখিয়ে দেব। এই বিচার কার্যক্রমে কোনো গাফিলতি হচ্ছে না।”

উপদেষ্টা বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে আমরা মাঠে যেভাবে নৃশংসতা দেখেছি, তাতে শুধু জনগণের কাছে নয়, মহান আল্লাহর কাছেও আমরা দায়বদ্ধ। আহত শিক্ষার্থীদের গুলি করে হত্যা এবং মৃতদেহ পুড়িয়ে ফেলা, সবই মানবতাবিরোধী অপরাধ।

“কোনো যুদ্ধবিধ্বস্ত দেশেও এমন ঘটনা ঘটেনি, যা বাংলাদেশে ঘটেছে। আমরা এসব ঘটনার বিচার করবোই। আমাদের চেষ্টায় ঘাটতি নেই।”

অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, জুলাই শহীদ মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান ও ইয়ামিনের বাবা মহিউদ্দিন বক্তব্য দেন।