১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘প্রতিনিধিদের কাছে প্রত্যাশা নেই, ভোট দিতে আসছি শখে’

“আমি প্রত্যাশা করলাম, কিন্তু তারা দিতে পারলো না তখন আমার বেশি খারাপ লাগবে।”

‘প্রতিনিধিদের কাছে প্রত্যাশা নেই, ভোট দিতে আসছি শখে’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বীথি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2026, 02:55 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

নির্বাচিত প্রতিনিধিদের কাছে কোনো প্রত্যাশা রেখে নয়, কেবল শখের বশে ভোট দিয়েছেন বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বীথি। 

বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী বীথি বৃহস্পতিবার দুপুরে ঢাকা-৭ আসনের অনন্তময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে এসে বলেন, কেবল অভিজ্ঞতা সঞ্চয় করতেই কেন্দ্রে এসেছেন তিনি। 

বীথি বলেন, "এইবার প্রথম ভোট দিলাম। আপাতত প্রতিনিধিদের কাছে কোনো প্রত্যাশা নাই। কোনো দাবি-দাওয়াও নাই। যারা যা দিতে পারে। আমি প্রত্যাশা করলাম, কিন্তু তারা দিতে পারলো না তখন আমার বেশি খারাপ লাগবে। আমি কখনো ভোট দেইনি, শখে ভোট দিতে আসছি। কারণ অভিজ্ঞতা নেওয়ার দরকার আছে।"

ভোটার সোমা দাস

ভোটার সোমা দাস

একই কেন্দ্রে রাজার দেউরীর বাসিন্দা সোমা দাস ভোট দিয়ে নির্বাচনি পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তবে নির্বাচিত প্রতিনিধিদের কাছে এই ভোটার কিছু দাবি-দাওয়া তুলে ধরেন। 

তিনি বলেন, “ভোট দিয়ে ভালো লেগেছে। তবে নির্বাচিত প্রতিনিধির কাছে দাবি থাকবে, এই এলাকার প্রধান সমস্যা গ্যাস। গ্যাস থাকে না।এটির যেন সমাধান করেন। একই সাথে আমরা যারা নিম্নশ্রেনির আছি তাদের দিকে যেন খেয়াল রাখে সেই দাবি জানায়।"

প্রিজাইডিং কর্মকর্তা এস এম এহতেশামুল আনাম বলেন, এই কেন্দ্রে মোট ভোটার ৩৪৩২ জন। ভোট শুরুর প্রথম সাড়ে চার ঘন্টায় পর্যন্ত ভোট পড়েছে ৫৬১ টি। শতাংশের হিসেবে যা ১৬ দশমিক ৩৫।

তিনি বলেন, ভোটারদের মধ্যে পুরুষ ভোটার ১৭৯৭ জন ও মহিলা ভোটার ১৬৩৫ 

লালবাগ, চকবাজার, বংশাল ও কোতোয়ালি (আংশিক) থানা এলাকা নিয়ে গঠিত ঢাকা-৭ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

এই আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হামিদুর রহমান, জামায়াতে ইসলামী জোটের মো. এনায়েত উল্লা, স্বতন্ত্র প্রার্থী (বিএনপি বিদ্রোহী) মোহাম্মদ ইসহাক সরকার (ফুটবল), জাতীয় পার্টির মোহাম্মদ সাইফুদ্দিন আহম্মেদ মিলন (লাঙ্গল প্রতীক), বাংলাদেশ রিপাবলিকান পার্টির শফিকুর রহমান (হাতি), ইসলামী আন্দোলনের মো. আবদুর রহমান (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. হাবিবুল্লাহ (বটগাছ), বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মো. শহিদুল ইসলাম (কাঁঠাল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মাকসুদুর রহমান (ছড়ি), জাতীয় সমাজতান্ত্রিক দলের শাহানা সেলিম (তারা) ও বাসদ মার্ক্সবাদীর সীমা দত্ত (কাঁচি)।

এখানে মোট ভোটার ৪ লাখ ৭৯ হাজার ৩৭৭ জন। সেখানে পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ৪৮১ ও নারী ২ লাখ ৩০ হাজার ৮৮৩ জন।