১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নিবন্ধন শেষ: পোস্টাল ব্যালটে কোথায় কতজন ভোট দিতে চান

সবচেয়ে বেশি ভোটার ডাকযোগে ভোট দিতে চান ফেনী-৩ আসনে। আর দেশের বাইরে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন সৌদি প্রবাসীরা।

বিশেষ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2026, 01:11 PM

Updated : 26 Aug 2026, 05:30 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে দেশ ও দেশের বাইরে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার।

প্রবাসী ভোটারদের নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান মঙ্গলবার এ তথ্য জানান।

প্রথমবারের মত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসে ১৯ নভেম্বর থেকে নিবন্ধন চালু হয়। তফসিল ঘোষণার পর নিবন্ধন শুরু হয় দেশে। নিবন্ধনের সময় শেষ হয় সোমবার মধ্যরাতে।

১২ ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে নিবন্ধিতদের ঠিকানায় দুটো ব্যালট পেপার পাঠানো হচ্ছে।

ইসির প্রকল্পের টিম লিডার জানান, পোস্টাল ব্যালটে ভোট দিতে দেশের ভেতরে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন। আর বাকি ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন প্রবাসী বাংলাদেশি।

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ভোটারের পাশাপাশি দেশের ভেতরে তিন ধরনের ব্যক্তি নিবন্ধন করছেন। নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।

•    পোস্টাল ভোটিংয়ের জন্য নিবন্ধিতদের মধ্যে ১২ লাখ ৮১ হাজার ৪৩৪ জন পুরুষ; আর ২ লাখ ৫২ হাজার ২৪৬ জন নারী।

•    প্রবাসীরা নিবন্ধন করেছেন ১২৩টি দেশ থেকে। এর মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন নিবন্ধন করেছেন।

•    ৩০০ আসনের মধ্যে ফেনী-৩ আসনে পোস্টাল ব্যালটে ভোট দিতে সর্বোচ্চ ১৬ হাজার ৯০ জন নিবন্ধিত হয়েছেন।

•    আর ৬৪ জেলার মধ্যে কুমিল্লা জেলার সর্বোচ্চ ১ লাখ ১২ হাজার ৯০ জন প্রবাসে থেকে নিবন্ধিত হয়েছেন।

•    দেশের ভেতরে যারা ডাকযোগে ভোট দিতে নিবন্ধন করেছেন, তাদের মধ্যে ৫ লাখ ৭৫ হাজার ২০০ জন সরকারি চাকরিজীবী, ১ লাখ ৬৯ হাজার ৬৪২ জন নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত, ১০ হাজার ১০ জন আনসার-ভিডিপি। আর কারাগার থেকে ভোট দিতে নিবন্ধন করেছেন ৬ হাজার ২৮৩ জন।

২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ হওয়ার পর যার যার আসনের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন নিবন্ধিত ভোটারা। পরদিন থেকেই ফিরতি ডাক পাঠানো যাবে।

ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আসনভিত্তিক প্রার্থী তালিকা, নাম ও প্রতীক দেখে ‘টিক’ চিহ্ন দিয়ে তারা ভোট দেবেন পোস্টাল ব্যালটে। দ্রুত সময়ে ভোট দিয়ে ব্যালট ফেরত পাঠাতে হবে।  

১২ ফেব্রুয়ারির আগে উপযুক্ত সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট না পৌঁছালে সেই ভোট গণনায় নেওয়া হবে না।

ভোটের গোপনীয়তা রক্ষায় তাগিদ দিয়েছে নির্বাচন কমিশন। ভোট দেওয়ার পর পোস্টাল ব্যালটের ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করা ‘দণ্ডনীয় অপরাধ’, এর জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিত করা হতে পারে।

আসনভিত্তিক নিবন্ধন

জেলাভিত্তিক নিবন্ধন

দেশভিত্তিক নিবন্ধন

পুরনো খবর

পোস্টাল ভোটিংনিবন্ধন শেষ হচ্ছে মধ্য রাতে