হত্যাচেষ্টা মামলা: রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি পাভেল
ঢাকার লালমাটিয়া এলাকা থেকে গেল ৪ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করে ডিবি।
জুলাই-অগাস্ট আন্দোলনের সময় ঢাকার নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের একটি শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সাদ্দাম হোসেন পাভেলকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকার মহানগর হাকিম মিনহাজুর রহমান শনিবার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই কামাল হোসেন।
গেল ৪ সেপ্টেম্বর ঢাকার লালমাটিয়া এলাকা থেকে পাভেলকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)।
পরদিন এ মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।
৬ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার এসআই সিয়াম আহমেদ তার সাত দিনের রিমান্ড আবেদন করেন। ১৫ সেপ্টেম্বর আদালত দুই দিনের রিমান্ডের আদেশ দেয়।
রিমান্ড শেষে শনিবার সাবেক এই স্বতন্ত্র এমপিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন এসআই সিয়াম আহমেদ।
আবেদনে বলেন, “মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন। জামিনে মুক্তি পেলে মামলার তদন্তে ব্যাঘাত ঘটবে, সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার সম্ভবনা রয়েছে।”
পাভেলের আইনজীবী এমারত হোসেন বাচ্চু জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর হারুন অর রশীদ জামিনের বিরোধিতা করেন।
শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
মামলার বিবরণীতে বলা হয়েছে, গত বছরের ২ অগাস্ট নিউমার্কেটের ২ নম্বর ফটকের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে গুলি চালানো। এতে ঢাকা কলেজের শিক্ষার্থী মো. মাজেদুল ইসলাম, মেহেদী হাসান, মাহাবুব, নাহিদ, রাসেল, মিরাজ এবং ইডেন কলেজের শাম্মী আক্তার, সিটি কলেজের হাফিজা আক্তার ও জান্নাতুল ফেরদৌস নাঈমা আহত হন।
এই ঘটনায় গত বছরের ২৬ অগাস্ট নিউমার্কেট থানায় হত্যাচেষ্টা মামলা করেন হাবিবুর রহমান।
আগের খবর:
