০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ঢাকার যেসব এলাকায় বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত এসব এলাকার গ্রাহকরা গ্যাস পাবেন না।

বিডিনিউজ২৪

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Sep 2026, 03:22 PM

Updated : 17 Sep 2026, 02:57 AM

উন্নয়ন কাজের জন্য ঢাকার বাসাবো, খিলগাঁও ও শাহজাহানপুরসহ বেশ কয়েকটি এলাকায় বৃহস্পতিবার আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়েছে, শাহজাহানপুর রেল ক্রসিং এলাকায় রেললাইনের দুই পাশে ভালভ স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জন্য বিতরণ লাইন স্থানান্তরের ‘টাই-ইন’ কাজের জন্য বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাহজাহানপুর, সিপাহীবাগ, তিলপাপাড়া, মালিবাগ, শান্তিবাগ ও তালতলা মার্কেট এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আশপাশের এলাকাতেও এ সময় গ্যাসের চাপ কম থাকতে পারে।

এর আগেও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য ঢাকাসহ তিতাসের আওতাধীন এলাকায় পাইপলাইন স্থানান্তরের সময় গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হয়েছে। 

গত এপ্রিলে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আশুলিয়া ও সাভারের বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস বন্ধ রেখেছিল তিতাস।

গত জুলাইয়ে পুরোনো বিতরণ ও সার্ভিস লাইন প্রতিস্থাপনের জন্য হাতিরপুল ও ধানমন্ডির কয়েকটি এলাকায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছিল।

এদিকে সরবরাহ ঘাটতির কারণে সাম্প্রতিক সময়ে তিতাসের বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপও চলছে। 

গত ৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট হলেও সরবরাহ ছিল ২৬০ থেকে ২৭০ কোটি ঘনফুট। তিনি কয়েক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করেন।