১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘বিশেষভাবে’ যাদের নিরাপত্তা দরকার, সরকার দিতে ‘প্রস্তুত’: তারেক রহমানকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

“যে সংস্থা ‘অথরাইজড’ তারা আঁড়ি পাতবে, যারা ‘অথরাইজড’ না তারা আঁড়ি পাতবে না," বলেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2025, 04:11 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

দেশে ফেরার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা বিষয়ে স্বরাষ্ট্র  উপদেষ্টা বলেছেন, ‘বিশেষভাবে’ যাদের জন্য দরকার, তাদের নিরাপত্তা দিতে সরকার ‘প্রস্তুত’ আছে।

দেশে কারো নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই বলেও দাবি করেন তিনি।

মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এই দাবি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‘সংকটময় পরিস্থিতিতে’ ছেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার দেশে ফেরার ‘জটিলতা’ নিয়ে কথা বলেছেন।

এর ব্যাখ্যায় তিনি বলেছেন, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার ‘একক নিয়ন্ত্রণাধীন নয়’।

শনিবার সকালে তারেক রহমান ফেইসবুকে এই পোস্ট দেওয়ার পর বিকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, তার দেশে ফেরায় সরকারের দিক থেকে কোনো ‘বিধিনিষেধ বা আপত্তি’ নেই।

পরদিন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যেই তাকে একদিনের মধ্যেই পাস দেওয়া হবে।

সোমবার খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার, যার মাধ্যমে তার নিরাপত্তার দায়িত্ব এসএসএফকে দেওয়ার সুযোগ তৈরি হল।

এরপর আবার তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আলোচনা সামনে আসে। শিগগিরই তার দেশে ফেরার কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

দেশে ফেরার পর তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করেন সাংবাদিকরা।

আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি তুলে ধরে তিনি বলেন, “বাংলাদেশে কারো কোনো নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই। নিরাপত্তা নিয়ে আমরা সবার জন্যই প্রস্তুত আছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে। বিশেষভাবে যাদের জন্য দরকার, বিশেষ, তাদের জন্য যেটা দেওয়া দরকার, সেটার জন্য আমরা প্রস্তুত আছি।”

এ সংক্রান্ত অপর এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, “সবার জন্য একটা ‘স্ট্যাটাস’ থাকে, ওরকম একটা।”

খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণায় সরকারের ১৫ মাস দেরি হল কেন? 

জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সেটার ক্ষেত্রে আমি কিছু বলতে পারব না, এক্ষেত্রে যাদের ওটা দেওয়ার, তারাই বলতে পারবে।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচনের ব্যাপারে কতগুলি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে, কতগুলি ঝুঁকিপূর্ণ না, এগুলো দেখে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করতে হবে, সে বিষয়ে আলোচনা হয়েছে।”

পরিস্থিতি বদলানোর সঙ্গে সঙ্গে ঝুঁকিপূর্ণ নির্বাচনি আসনও বদলাতে থাকে বলে এক প্রশ্নে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

ঝুঁকিপূর্ণ আসন কীভাবে নির্ধারণ করা হয় জানতে চাইলে তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনারা যেভাবে খবর দেন, ওভাবে নির্ধারণ করা হয়।”

কেউ যেন উস্কানিমূলক কিছু প্রচার করতে না পারে সে বিষয়ে কোর কমিটির বৈঠকে আলোচনা হওয়ার কথা বলেছেন জাহাঙ্গীর আলম।

বিভিন্ন মাধ্যমে ফোনে আঁড়ি পাতার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “যে সংস্থা ‘অথরাইজড’ তারা আঁড়ি পাতবে, যারা ‘অথরাইজড’ না তারা আঁড়ি পাতবে না।"

সম্প্রতি পুলিশ সুপার পদে রদবদলের বিষয়েও জানতে চান সাংবাদিকরা।

জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিবেচনায় এলাকাভিত্তিক ‘এ, বি, সি ক্যাটাগরি’ করা হয়েছে।”

পিলখানা হত্যাকাণ্ডের স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন নিয়ে সামাজিক যোগাযোগে মাধ্যমে আসা এক পোস্টের বিষয়ে তিনি বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা খুব ‘সিরিয়াসলি’ দেখছে। অনেক ভলিউম সবটা পড়া হয়নি পড়া হলে উনাদের যে রিকোমেন্ডেশন সে গুলো অবশ্যই বাস্তবায়ন করতে হবে। ভালো ভালো রিকোমেন্ডেশন আছে, যেহেতু পুরোটা পড়িনি সেহেতু এখন পুরোপুরি বলতে পারব না।”