২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

জামিন পেলে সবার দেনা শোধ করে দেব: আদালতে নাসার নজরুল

“জেলহাজতে থেকে টাকা পরিশোধ করেন। ধৈর্য ধরেন, জামিন পাবেন,” বলেন বিচারক।

জামিন পেলে সবার দেনা শোধ করে দেব: আদালতে নাসার নজরুল
দুদকের মামলায় মঙ্গলবার নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে আদালতে তোলা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2025, 04:18 PM

Updated : 26 Aug 2026, 01:25 PM

জামিন পেলে সব দেনা শোধ করে দেবেন বলে আদালতকে বলেছেন নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার।

মঙ্গলবার দুর্নীতির মামলার জামিন শুনানিতে তিনি এ কথা বলেন। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় এদিন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালতে তোলা হয় নজরুল ইসলামকে। এ মামলা তার বিরুদ্ধে ৭৮১ কোটি টাকার ‘জ্ঞাত আয়বহির্ভূত’ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। 

আদালতে তোলার পর তার আইনজীবী সারোয়ার হোসেন তুষার জামিন চেয়ে আবেদন করেন।  

শুনানির এক পর্যায়ে বিচারকের উদ্দেশে নজরুল ইসলাম বলেন, 'পাঁচ মাস ধরে জেলে আছি। জামিন পেলে সবার দেনা পরিশোধ করে দেব। প্রায় তিন লাখ মানুষ আমার ব্যবসার ওপর নির্ভরশীল। তাদের প্রতি মাসে ৬০ থেকে ৬৫ কোটি টাকা বেতন দিতে হয়। এখন জামিন না দিলে তারা বেকার হয়ে যাবে। 

“তিন থেকে ছয় মাসের জন্য অন্তত জামিন দেন, আমি সব দেনা-পাওনা পরিশোধ করে দেব। এতে আমার ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব হবে।”

তিনি বলেন, “আমার ব্যবসায় ৮০ থেকে ৯০টি ট্রাক ছিল। এখন তা কমে বিশে চলে এসেছে। আমার দুই ছেলে লন্ডনে থাকে। এখন ব্যবসা টিকিয়ে রাখার মতো কেউ নেই।”

তখন বিচারক তাকে বলেন, “জেলহাজতে থেকে টাকা পরিশোধ করেন। ধৈর্য ধরেন, জামিন পাবেন।”

এরপর আদালত জামিন আবেদন নামঞ্জুর করলে তাকে আবার কারাগারে পাঠানো হয়।

গত ১৬ ফেব্রুয়ারি দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে এ মামলা করেন। 

গত বছরের ২ অক্টোবর রাজধানীর গুলশান থেকে নজরুল ইসলাম মজুমদারকে আটক করে পুলিশ। এরপর একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।