১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

১৯ বিচারক বদলি, ১২ জনের পদোন্নতি

একই দিন ১২ জন বিচারককে জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2024, 12:26 AM

Updated : 10 Sep 2026, 12:10 PM

একই দিনে ১৯ জন জেলা ও দায়রা জজকে রদবদলের পাশাপাশি ১২ জন বিচারককে পদোন্নতি দেওয়া হয়েছে।

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় গত বৃহস্পতিবার এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। 

বিচারকদের বদলির তালিকায় নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘন ও অর্থ পাচার মামলার বিচারের সঙ্গে যুক্ত দুজন বিচারক রয়েছেন।

ড. ইউনূসকে শ্রম আইন লঙ্ঘনে ৬ মাসের দণ্ড দেন ঢাকার তৃতীয় শ্রম আদালতের (চেয়ারম্যান) বিচারক শেখ মেরিনা সুলতানা। 

অন্যদিকে মানি লন্ডারিং মামলায় ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক সৈয়দ আরাফাত হোসেন।

বদলির প্রজ্ঞাপনে দেখা গেছে, শেখ মেরিনাকে কুষ্টিয়ায় বিশেষ জজ আদালতের বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এবং সৈয়দ আরাফাতকে মৌলভীবাজারের জেলা ও দায়রা জজ করে পাঠানো হয়েছে।

বদলি হওয়া অন্য বিচারকদের মধ্যে জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব (জেলা জজ) শেখ আবু তাহেরকে বরিশালের জেলা জজ, নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (জেলা ও দায়রা জজ) মাহবুবুর রহমান সরকারকে নরসিংদীর জেলা জজ, পটুয়াখালীর জেলা জজ এস, এম, এরশাদুল আলমকে নারায়ণগঞ্জের জেলা জজ, আইন কমিশনের সচিব (জেলা জজ) আতোয়ার রহমানকে গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ করে বদলির আদেশ দেওয়া হয়েছে।  

এছাড়া গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ মো. কামরুল হাসানকে পটুয়াখালীর জেলা ও দায়রা জজ, মৌলভীবাজারের জেলা ও দায়রা জজ আল মাহমুদ ফায়জুল কবিরকে গাইবান্ধার জেলা জজ, টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. মাহাবুবুর রহমানকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬ এর বিচারক (জেলা ও দায়রা জজ) হিসেবে যোগ দিতে বলা হয়েছে। 

নরসিংদীর জেলা ও দায়রা জজ মোসতাক আহমেদকে কুমিল্লার জেলা ও দায়রা জজ, গাইবান্ধার জেলা ও দায়রা জজ মো. আবুল মনসুর মিঞাকে ঠাকুরগাঁওয়ের জেলা ও দায়রা জজ, কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ মোসলেহ উদ্দিনকে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক (জেলা ও দায়রা জজ), সিলেটের সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ নুরুল আমীন বিপ্লবকে কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ, কুষ্টিয়ার বিশেষ জজ আদালতের বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) মো. আশরাফুল ইসলামকে বাগেরহাটের জেলা জজ হিসেবে বদলির আদেশ দিয়ে আইন মন্ত্রণালয়। 

কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মো. জাহিদুল কবিরকে খুলনার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিশেষ জজ (জেলা ও দায়রা জজ), খুলনার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) রোজিনা আক্তারকে বাগেরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ), কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনকে ঢাকার প্রশাসনিক ট্রাইব্যুনাল-১ এর সদস্য (জেলা জজ) করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাঙামাটির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) এ, ই, এম, ইসমাইল হোসেনকে প্রেষণে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (জেলা জজ) এবং ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মো. রবিউল আলমকে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) হিসেবে বদলি করা হয়েছে। 

পদোন্নতি পেয়ে জেলা ও দায়রা জজ ১২ বিচারক

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ১২ জন বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ থেকে জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি পেয়েছেন। 

একই সঙ্গে তাদের নতুন কর্মস্থল নির্ধারণ করে নিজ নিজ কর্মক্ষেত্রে যোগদানের জন্য নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। 

গত বৃহস্পতিবারের প্রজ্ঞাপন অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুদ পারভেজকে বিশেষ জজ আদালত-৬ এর বিশেষ জজ (জেলা ও দায়রা জজ), চট্রগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহ্ম্মদ রবিউল আউয়ালকে সিলেটের সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ), খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আমিরুল ইসলামকে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ১ এর বিচারক (জেলা ও দায়রা জজ),  চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. হুমায়ুন কবীর সরকারকে দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) হিসেবে পদায়ন করা হয়েছে। 

ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীকে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা ও দায়রা জজ), বান্দরবানের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবুর রহমানকে রাঙ্গামাটির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ),  নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাউছার আহমেদকে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) করা হয়েছে।  

খুলনার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুনন্দ বাগচীকে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ), লক্ষীপুরের  চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুল হাসানকে  হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ), চট্রগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সরওয়ার আলমকে কুমিল্লার  নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক (জেলা ও দায়রা জজ), ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দিলারা আলো চন্দনাকে টাঙ্গাইলের বিশেষ জজ আদালতের বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এবং মুন্সিগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া রহমানকে তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান (জেলা জজ) করা হয়েছে।