Published : 14 Aug 2026, 11:26 PM
রাজধানীর উত্তরায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে কর্মচারীকে কুপিয়ে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।
শুক্রবার রাতে ডিএমপির এক বার্তায় গ্রেপ্তারের তথ্য দিয়ে বলা হয়, ছিনতাইয়ের ঘটনায় অস্ত্র, গুলি, টাকা ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এর আগে গত রোববার সকালে বিমানবন্দর সড়কের ক্রাউন প্লাজার সামনে ডিএল পেট্রোল পাম্পের টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।
পাম্পটির মালিক প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাত ভাই তাসীন আক্তার হক। তার মা প্রয়াত খুরশীদ জাহান হক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় বোন।
খুরশীদ জাহান হক বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৯১-১৯৯৬ মেয়াদে তিনি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। পরে ১৯৯৬-২০০১ এবং ২০০২-২০০৬ মেয়াদে দিনাজপুর সদর আসন থেকে এমপি নির্বাচিত হন। বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের সময় তিনি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রীর দায়িত্বও পালন করেন।
ছিনতাইয়ের ঘটনায় পেট্রোল পাম্পের ম্যানেজার আব্দুল করিম অজ্ঞাত ছয়-সাতজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করেছিলেন।
এজাহারে অভিযোগ করা হয়, পাম্পের সহকারী ম্যানেজার মোহাম্মদ আল আমিন সিএনজি অপারেটর সেলিমুজ্জামান ও কভার্ডভ্যানের চালক খোরশেদসহ টাকাভর্তি একটি ব্যগ নিয়ে উত্তরা ১ নম্বর সেক্টরের পূবালী ব্যাংকে যাচ্ছিলেন। পথে তিনটি মোটরসাইকেলে আসা ৬-৭ জন কভার্ডভ্যানের গতিরোধ করেন।
গাড়ি আটকানোর পর পিস্তলের মুখে ও আল আমিনকে চাপাতি দিয়ে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে তারা আব্দুল্লাহপুরের দিকে পালিয়ে যান। পরে সেলিমুজ্জামান, খোরশেদসহ আশেপাশের লোকজনের সহায়তায় আল আমিনকে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর খালাত ভাইয়ের পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই