১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তিতাসের ভাল্ভ বিস্ফোরণ, ঢাকার একাংশে গ্যাসের ‘স্বল্পচাপ’

ভাল্ভটি পরিবর্তনের কাজ চলছে।

তিতাসের ভাল্ভ বিস্ফোরণ, ঢাকার একাংশে গ্যাসের ‘স্বল্পচাপ’
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2026, 11:57 AM

Updated : 26 Aug 2026, 05:32 PM

তুরাগ নদীর তলদেশে গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ঢাকার মিরপুর রোডে ভাল্ভ বিস্ফোরিত হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, মিরপুর রোডে সাবেক গণভবনের সামনে বিতরণ লাইনের একটি গুরুত্বপূর্ণ ভাল্ভ বিস্ফোরিত হয়েছে। মেরামতের জন্য বিতরণ নেটওয়ার্কের বেশ কয়েকটি ভাল্ভ বন্ধ করে চাপ সীমিত করায় ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউ মার্কেট, হাজারীবাগ, গাবতলীসহ আশপাশের এলাকায় গ্যাসের ‘মারাত্মক স্বল্পচাপ’ বিরাজ করছে। 

ভাল্ভটি পরিবর্তনের কাজ চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে শুক্রবার তিতাস গ্যাস জানিয়েছিল, ঢাকার আমিন বাজারে তুরাগ নদীর তলদেশে ট্রলারের নোঙ্গরের আঘাতে গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। পরে পাইপলাইনটি মেরামত করা হয়।

“কিন্তু মেরামতের সময়ে পাইপে পানি প্রবেশ করায় এবং একই সঙ্গে ঢাকা শহরে গ্যাসের সরবরাহ কম থাকায় ঢাকা মহানগরীতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে।”

গত রোববারের পর থেকে গ্যাসের ‘স্বল্পচাপ’ অবস্থা চলায় ভোগান্তিতে পড়েছেন ঢাকার বাসিন্দারা। অনেক এলাকায় চুলা জ্বালানো যাচ্ছে না, আবার কোথাও গভীর রাতে সামান্য গ্যাসের চাপ পাওয়া যাচ্ছে। হোটেল–রেস্তোরাঁ, বেকারি ও ক্ষুদ্র খাবারের দোকানগুলোতে রান্না কার্যত ব্যাহত হচ্ছে। বাসাবাড়িতে রান্নার বিকল্প হিসেবে কেউ বৈদ্যুতিক চুলা ব্যবহার করছেন, কেউ আবার বাইরে থেকে খাবার কিনে নিতে বাধ্য হচ্ছেন।