Published : 16 Mar 2026, 12:16 AM
লাইলাতুল কদরের মহিমা যেন জাতীয় জীবনে শান্তি ও কল্যাণ বয়ে আনে, সেই প্রত্যাশা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লাইলাতুল কদর উপলক্ষে দেওয়া বাণীতে তিনি বিশ্বের সব মুসলমানের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, "লাইলাতুল কদরের শিক্ষা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা হিসেবে কাজ করে।"
প্রধানমন্ত্রী বলেন, "লাইলাতুল কদর মহিমামণ্ডিত ও বরকতময় এক রাত। পবিত্র কুরআনুল কারিম রমজান মাসের এই মহিমান্বিত রাতেই অবতীর্ণ হয়েছে। মহান আল্লাহ তাআলা এ রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন।
"এ রাত মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমতের বার্তা নিয়ে আসে।"
তার ভাষায়, "এই রাতে ইবাদত-বন্দেগি, তওবা ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ সৃষ্টি হয়। রমজান মাস সংযম, আত্মশুদ্ধি, সহনশীলতা ও মানবিক গুণাবলীর জাগরণের মাস।”
তিনি এই রাতের তাৎপর্য অনুধাবন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনে বেশি বেশি ইবাদত-বন্দেগি ও মানবকল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, "আমি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন পবিত্র লাইলাতুল কদরের অসীম রহমত ও বরকত আমাদের সবার ওপর বর্ষিত করেন।
"আমাদের দেশ ও জাতিকে অগ্রগতি, শান্তি, সম্প্রীতি এবং কল্যাণের পথে পরিচালিত করেন।"