১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পুরান ঢাকায় ‘যুবদল কর্মীকে’ গুলি

গুলিবিদ্ধ রাসেল কোতোয়ালি থানা যুবদলের সদস্য বলে দাবি করেছেন তার বন্ধুরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2026, 01:55 AM

Updated : 26 Aug 2026, 03:18 PM

ঢাকার কোতোয়ালি থানাধীন নয়াবাজার পার্ক এলাকায় শুক্রবার রাতে এক যুবককে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে।

গুলিবিদ্ধ রাসেল (৩১) কোতোয়ালি থানা যুবদলের সদস্য বলে দাবি করেছেন তার বন্ধুরা। 

শুক্রবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, রাতে নয়াবাজার এলাকা থেকে এক যুবক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আসে। তার বাম বুকে গুলি লেগেছে। 

চিকিৎসকদের বরাতে এ পুলিশ কর্মকর্তা বলেন, তার অবস্থা গুরুতর। তার সঙ্গে থাকা লোকজন তাকে জরুরি বিভাগ থেকে অন্য বেসরকারি হাসপাতালে নিয়ে গেছে।

হাসপাতালে রাসলের বন্ধু রিপন দাস বলেন, রাসেল কোতয়ালী থানা যুবদলের সদস্য। রাতে নয়াবাজার পার্ক এলাকায় দুর্বৃত্তরা তার বাম বুকে গুলি করে। এরপর দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাসেলকে ধানমন্ডি পপুলার হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা গুরুতর।”

রাসেলের বাবার নাম মোহাম্মদ আলী। শ্যামপুর আরসিং  গেট এলাকায় তাদের বাসা।