১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শাহীন চাকলাদার দম্পতির জমি-গাড়ি জব্দ, শেয়ার অবরুদ্ধ

জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩৪১ কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে ‘অপরাধলব্ধ অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের’ অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে দুদক।

শাহীন চাকলাদার দম্পতির জমি-গাড়ি জব্দ, শেয়ার অবরুদ্ধ
ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2025, 10:09 PM

Updated : 26 Aug 2026, 12:40 PM

যশোর ৬ আসনের সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের ২৬টি স্থাবর সম্পত্তি ও তিনটি গাড়ি জব্দের আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

পাশাপাশি তার ৩ লাখ ১৫ হাজারটি শেয়ারসহ ১৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং তার স্ত্রী ফারহানা জাহান মালার ১ লাখ ১০ হাজারটি শেয়ার এবং তিনটি গাড়ি জব্দের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

এরমধ্যে সাবেক এই সংসদ সদস্যের ঢাকা ও যশোরে থাকা ২৬টি সম্পত্তির মূল্য ধরা হয়েছে ৯ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৫৯১ টাকা এবং ব্যাংক হিসাবে রয়েছে ১৮ লাখ ৯৪ হাজার ৩১১ টাকা ।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, সংস্থার সহকারী পরিচালক আল আমিন শাহীন চাকলাদার এবং তার স্ত্রীর জমি, গাড়ি, ব্যাংক হিসাব ও শেয়ার অবরুদ্ধের পৃথক দু'টি আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেছে।

শাহীন চাকলাদারের বিরুদ্ধে বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩৪১ কোটি ৬১ লাখ ৬৬ হাজার ৩৬৫ টাকা অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে ‘অপরাধলব্ধ অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের’ অভিযোগে মামলা করেছে দুদক।

এজাহারের অভিযোগ তুলে ধরে আবেদনে বলা হয়, আসামি শাহীন চাকলাদারের বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান ও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে নিজের ক্ষমতার অপপ্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৪২ কোটি ৪৬ লাখ ৬৪ হাজার ৬২৩ টাকা মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জন করে দখলে রেখেছেন। 

এছাড়া ২৯টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩৪১ কোটি ৬১ লাখ ৬৬ হাজার ৩৬৫ টাকা অস্বাভাবিক লেনদেন করেছেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়।

দুদক আবেদনে বলেছে, সাবেক এই সংসদ সদস্য অর্জিত স্থাবর/অস্থাবর সম্পদ হস্তান্তর/স্থানান্তর/দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন/হস্তান্তর করতে পারেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে এগুলো অবরুদ্ধ করা আবশ্যক।

ফারহানা জাহান মালার বিরুদ্ধে আবেদনে মামলার অভিযোগ তুলে ধরে বলা হয়, তার বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে স্বামী মো. শাহীন চাকলাদারের সঙ্গে পরস্পর যোগসাজসে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের মালিকানা নিজে অসাধু উপায়ে অর্জন করে তা ভোগ দখলে রাখার অপরাধ করায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

এসব সম্পত্তি তিনিও হস্তান্তর করতে পারেন বলে আশঙ্কা থাকায় এগুলো জব্দ ও অবরুদ্ধ করা প্রয়োজন।

অবৈধ সম্পদ অর্জনযশোরের সাবেক এমপি শাহীন চাকলাদারের কারাদণ্ড