২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফেনী-নোয়াখালীর বন্যা পরিস্থিতিতে কী ব্যবস্থা, উপদেষ্টা পরিষদে আলোচনা

এই দুই জেলা ছাড়াও খাগড়াছড়ি, কক্সবাজার ও সাতক্ষীরায় নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2025, 04:27 PM

Updated : 26 Aug 2026, 01:21 PM

ভারি বর্ষণের কারণে ফেনী ও নোয়াখালী জেলায় সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদের সভায় আলোচনা হয়েছে। 

পাশাপাশি সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। 

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টারা বন্যা ও পরবর্তী ব্যবস্থা নিয়ে তাদের মতামত ও করণীয় তুলে ধরেন বলে প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক হয়।

বুধবার পর্যন্ত দুদিনের টানা ভারি বর্ষণে ফেনীর প্রায় ৪০টি গ্রামের ১১ হাজারের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এর মধ্যে অন্তত আড়াই হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে যেতে হয়েছে।

তবে জেলা প্রশাসনের দেওয়া এ তথ্যের সঙ্গে দ্বিমত করে স্থানীয় বাসিন্দারা বলছেন, পানিবন্দি মানুষের সংখ্যা ২৫ হাজারের কম হবে না।

আগের বছরের বন্যার দগদগে স্মৃতির মধ্যে ফেনী ছাড়াও নোয়াখালী, খাগড়াছড়ি, কক্সবাজার ও সাতক্ষীরায় নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে; কোথাও কোথাও বন্যার চোখ রাঙানির মধ্যে মানুষ বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতেও বাধ্য হয়েছে।

টানা বৃষ্টিতে ৫ জেলায় জলাবদ্ধতা, বন্যার চোখ রাঙানি

উপদেষ্টা পরিষদের বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে নোয়াখালীর মুছাপুর রেগুলেটর ও বামনী নদীর ক্লোজার এর নকশা চূড়ান্ত করা, ফেনীতে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প চূড়ান্ত করা এবং নোয়াখালীর খাল ও ড্রেনেজ অবমুক্ত করার প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা হয়েছে। 

এর পাশাপাশি, দুর্যোগ মোকাবিলায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে এই দুই জেলার ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত, নদীর তীর প্রতিরক্ষা ও পানি নিয়ন্ত্রণ অবকাঠামো মেরামতের কাজ চলমান রয়েছে বলেও উপদেষ্টা পরিষদকে অবহিত করা হয়েছে।

বৈঠকে দুই জেলায় চলমান বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতিতে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।