১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রধান উপদেষ্টাকে তুরস্ক সফরের আমন্ত্রণ

প্রধান উপদেষ্টা বলেন, “আমরা আমাদের সম্পর্ককে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে চাই।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2025, 08:09 PM

Updated : 26 Aug 2026, 02:26 PM

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেরিস একিনচি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাতে বেরিস একিনচি বাংলাদেশের সরকার প্রধানকে তুরস্ক সফরের আমন্ত্রণ পৌঁছে দেন।  

প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাতে তারা শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং নতুন অংশীদারত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

একিনচি বলেন, বাংলাদেশে এটা তার প্রথম সফর। 

উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ানের শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা মুহাম্মদ ইউনূসকে পৌঁছে দেন। 

এ সময় তিনি প্রধান উপদেষ্টাকে পারস্পরিক সুবিধাজনক সময়ে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান।

আমন্ত্রণের জন্য কৃতজ্ঞতা জানিয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তুরস্ক সফরের আগ্রহ প্রকাশ করেন। 

তিনি বলেন, “আমরা আমাদের সম্পর্ককে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে চাই। জুলাই বিপ্লবের পর এটি একটি নতুন সূচনা, এবং আমাদের দুই দেশ শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে একসঙ্গে কাজ করতে পারে।”

তিনি জুলাই বিপ্লবে আহত সাতজন বাংলাদেশিকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ায় তুরস্ক সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

একিনচি বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় তুরস্কের অব্যাহত সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, “তুরস্ক সবসময় শিক্ষাকে উৎসাহিত করে এবং শিক্ষার্থীদের জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদি বিনিময় কর্মসূচি ও বৃত্তি প্রদান করে থাকে।”

অন্যদের মধ্যে এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ, তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস শাখার মহাপরিচালক মো. মোশারফ হোসেন বৈঠকে উপস্থিত ছিলেন।