সাবেক পুলিশ কর্মকর্তা জিয়াউরের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ
গেল ১ ডিসেম্বর তাদের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
দুর্নীতির মামলায় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমানের স্ত্রী জেসমিন নাহার সঞ্চিতার আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশন-দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য দিয়েছেন।
দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর সঞ্চিতার আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, জিয়াউর রহমান ও সঞ্চিতার বিরুদ্ধে ৬৭ লাখ ৫৭ হাজার ১৬৭ টাকার ‘জ্ঞাত আয়বহির্ভূত’ সম্পদ অর্জন এবং ২০ লাখ ৫১ হাজার ২১২ টাকার সম্পদ অর্জনের ‘তথ্য গোপন’ করার অভিযোগে মামলা রয়েছে।
গেল ১ ডিসেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলাটি করা হয়েছে।
সঞ্চিতাকে আয়কর দাতা হিসেবে তুলে ধরে দুদক বলেছে, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির মূল আয়কর নথির শুরু হতে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত সব নথি ও তথ্য জব্দ করা প্রয়োজন।
