টিপু হত্যায় গ্রেপ্তার খায়রুলের জামিন স্থগিত
এ বিষয়ে এখন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হবে।
মতিঝিলের আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজ ছাত্রী সামিয়া আফনান প্রীতি হত্যা মামলায় গ্রেপ্তার মো. খায়রুল ইসলামের জামিন স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি।
রাষ্ট্রপক্ষের এক আবেদনের শুনানি করে বিচারপতি মো. ইনায়েতুর রহিম বুধবার এই আদেশ দেন।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম এ কামরুল হাসান খান আসলাম বলেন, “চেম্বারে জামিন স্থগিত করে দিয়েছে। পরে এটা আপিল বিভাগে শুনানি হবে।”
বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাই কোর্ট বেঞ্চ সোমবার খায়রুলের জামিন মঞ্জুর করে রুল জারি করেন।
ওই আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম এ কামরুল হাসান খান আসলাম সেদিন বলেছিলেন, এজহারে নাম না থাকার যুক্তিতে আদালত খায়রুলকে জামিন দিয়েছে।
গত ২৪ মার্চ রাতে ঢাকার শাজাহানপুরে দুর্বৃত্তদের এলোপাথাড়ি গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু।
ওই সময় টিপুর গাড়ির পাশে রিকশায় থাকা কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতি গুলিতে নিহত হন। টিপুর গাড়িচালক মুন্নাও গুলিবিদ্ধ হন। এ ঘটনায় টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি মামলা দায়ের করেন।
ওই মামলায় গত জুলাই মাসের শেষ দিকে একদিনে খায়রুলসহ চারজনকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে। পরে ১৬ অগাস্ট ঢাকায় গোয়েন্দা পুলিশের এক সংবাদ সম্মেলনে এ মামলায় মোট ২৭ জনকে গ্রেপ্তারের কথা জানানো হয়।
