টিপু হত্যায় গ্রেপ্তার খায়রুল জামিন পেলেন হাই কোর্টে
এজহারে নাম না থাকার যুক্তিতে তাকে জামিন দিয়েছে হাই কোর্ট।
মতিঝিলের আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজ ছাত্রী সামিয়া আফনান প্রীতি হত্যা মামলায় গ্রেপ্তার মো. খায়রুল ইসলামকে জামিন দিয়েছে হাই কোর্ট।
বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাই কোর্ট বেঞ্চ সোমবার রুলসহ এ আদেশ দেয়।
আদালতে আসামিপক্ষে শুনানি করেন এ কে এম ফায়েজ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম এ কামরুল হাসান খান আসলাম।
পরে কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত তাকে জামিন দিয়েছে। আমরা এই জামিনের বিরুদ্ধে আপিল করব।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “হাই কোর্টের আদেশ হলে বের হতে কয়েকদিন লেগে যায়। এর মাঝে আপিল বিভাগে নতুন আদেশ পাওয়া গেলে তিনি হয়ত কারাগার থেকে বের হতে পারবেন না। তবে এমনিতে হাই কোর্টের আদেশের পর তার মুক্তিতে বাধা নেই।”
এজহারে নাম না থাকার যুক্তিতে আদালত খায়রুলকে জামিন দিয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।
গত ২৪ মার্চ রাতে ঢাকার শাজাহানপুরে দুর্বৃত্তদের এলোপাথাড়ি গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু।
ওই সময় টিপুর গাড়ির পাশে রিকশায় থাকা কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতি গুলিতে নিহত হন। টিপুর গাড়িচালক মুন্নাও গুলিবিদ্ধ হন। এ ঘটনায় টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি মামলা দায়ের করেন।
ওই মামলায় গত জুলাই মাসের শেষ দিকে একদিনে খায়রুলসহ চারজনকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে। পরে ১৬ অগাস্ট ঢাকায় গোয়েন্দা পুলিশের এক সংবাদ সম্মেলনে এ মামলায় মোট ২৭ জনকে গ্রেপ্তারের কথা জানানো হয়।
